ইলিশ
ইলিশ
বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ বরাবরই সাধারণ মানুষের প্রিয়। কিন্তু এবার সেই প্রিয় ইলিশ যেন বিলাসপণ্যে পরিণত হয়েছে। চলতি মৌসুমে দাম বেড়েছে আগের সব রেকর্ড ছাড়িয়ে। বাজারে দেড় কেজি বা তার বেশি ওজনের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ থেকে ৩ হাজার টাকায়। গত বছর একই সাইজের ইলিশের দাম ছিল ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকার মধ্যে। অর্থাৎ এক বছরে গড়ে ৬০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে প্রতি কেজিতে।
৭৫০ গ্রাম থেকে এক কেজি ওজনের ইলিশ এখন বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ টাকায়, আর ৫০০ থেকে ৭৫০ গ্রাম ওজনের মাছের দাম ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা। ফলে মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য এই প্রিয় মাছ এখন নাগালের বাইরে চলে গেছে।
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) এক সাম্প্রতিক সমীক্ষায় ইলিশের দাম বাড়ার ১১টি কারণ চিহ্নিত করেছে। এগুলোর মধ্যে রয়েছে—
দাদন প্রথা, চাহিদা-সরবরাহের ভারসাম্যহীনতা, অবৈধ মজুত ও সিন্ডিকেট, জ্বালানি ও পরিবহন খরচ বৃদ্ধি, মাছ ধরার ব্যয় বৃদ্ধি, নদীর নাব্য সংকট, অবৈধ জালের ব্যবহার, বিকল্প কর্মসংস্থানের ঘাটতি, নিষিদ্ধ সময়ে মাছ ধরা, মধ্যস্বত্বভোগীদের প্রভাব এবং রফতানির চাপ।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবসায়ীরা বেশি মুনাফার আশায় ইলিশ মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছেন, যা দামের লাগাম টেনে ধরতে সরকারকেও ব্যর্থ করছে।
