Gold bar
চার দিনের ব্যবধানে আবারও সোনার দামে রেকর্ড বৃদ্ধি
দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে। মাত্র চার দিনের ব্যবধানে প্রতি ভরিতে নতুন করে সর্বোচ্চ মূল্য ছুঁয়েছে এ ধাতু। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, আগামীকাল সোমবার থেকে নতুন দর কার্যকর হবে। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি প্রতি দাম দাঁড়াচ্ছে ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা।
রোববার রাতে বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও নতুন করে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে সোনার দর ওঠানামা করছে। এর প্রভাব বাংলাদেশেও পড়ছে। ফলে জুয়েলার্স সমিতি বাজার পরিস্থিতি পর্যালোচনা করে নতুন মূল্য নির্ধারণ করেছে।
এর আগে চলতি মাসের ৩ সেপ্টেম্বর সর্বশেষ সোনার দাম বাড়ানো হয়েছিল। ওই সময় ভরিতে ৩ হাজার ৪৪৪ টাকা বাড়ে। তাতে ২২ ক্যারেট সোনার ভরি প্রতি দাম দাঁড়িয়েছিল ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা, যা সে সময় দেশের ইতিহাসে সর্বোচ্চ মূল্য ছিল। তবে নতুন সমন্বয়ের ফলে আগামীকাল সোমবার থেকে আবারও নতুন রেকর্ড তৈরি হতে যাচ্ছে।
বাজুসের ঘোষণায় বলা হয়, আগামীকাল থেকে হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম হবে ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা। একইভাবে ২১ ক্যারেট সোনার ভরি প্রতি দাম হবে ১ লাখ ৭৩ হাজার ৩০৪ টাকা, ১৮ ক্যারেটের দাম দাঁড়াবে ১ লাখ ৪৮ হাজার ৫৪১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি প্রতি দাম হবে ১ লাখ ২৩ হাজার ৬৭ টাকা।
রোববার পর্যন্ত বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকায়, ২১ ক্যারেট ১ লাখ ৭০ হাজার ৭০৩ টাকায়, ১৮ ক্যারেট ১ লাখ ৪৬ হাজার ৩১৩ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হয়েছে ১ লাখ ২১ হাজার ১৬৬ টাকায়। তবে সোমবার থেকে নতুন দামে ভরি প্রতি ২২ ক্যারেট সোনায় বাড়বে ২ হাজার ৭১৮ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ৬০১ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ২২৮ টাকা এবং সনাতন পদ্ধতিতে ১ হাজার ৯০১ টাকা।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে ডলারের মান এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থà

