সরকারি চাকরিজীবী
মূল বেতন–উৎসব ভাতা ও বোনাসের ওপর কর দিতে হবে, ই-রিটার্নে রেকর্ড গতি
চাকরিজীবীদের জন্য চিকিৎসা, বাড়িভাড়া, যাতায়াত ও অন্যান্য মিলিয়ে মোট ৪০ ধরনের ভাতা করমুক্ত ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে মূল বেতন, উৎসব ভাতা ও বোনাস করযোগ্য আয় হিসেবে গণ্য হবে এবং এসব আয়ের ওপর নির্ধারিত হারে আয়কর দিতে হবে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, ২০২৫–২৬ কর বছরের জন্য অনলাইনে ই–রিটার্ন দাখিল কার্যক্রম গত ৪ আগস্ট শুরু হয়েছে। কার্যক্রম শুরুর মাত্র ১০ দিনের মধ্যে ৯৬ হাজার ৯৪৫ জন করদাতা ই–রিটার্ন দাখিল করেছেন। যা গত বছরের দৈনিক গড় সংখ্যার প্রায় পাঁচ গুণ বেশি।
এনবিআর সূত্রে জানা গেছে, চলতি কর বছরের জন্য করমুক্ত ভাতার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে—চিকিৎসা, নববর্ষ, বাড়িভাড়া, শ্রান্তি ও বিনোদন, শিক্ষাসহায়ক, কার্যভার, পাহাড়ি, ভ্রমণ, যাতায়াত, টিফিন, পোশাক, আপ্যায়ন, ধোলাই, বিশেষ, প্রেষণ, প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেষণ, জুডিশিয়াল, চৌকি, ডোমেস্টিক এইড, ঝুঁকি, অ্যাকটিং, মোটরসাইকেল, আর্মরার, নিঃশর্ত যাতায়াত, টেলিকম, ক্লিনার, ড্রাইভার, মাউন্টেড পুলিশ, পিবিএক্স, সশস্ত্র শাখা, বিউগলার, নার্সিং, দৈনিক বা খোরাকি, ট্রাফিক, রেশন মানি, সীমান্ত, ব্যাটম্যান, ইন্সট্রাকশনাল, নিযুক্তি, আউটফিট এবং গার্ড পুলিশ ভাতা।
করমুক্ত ভাতার আওতা বৃদ্ধির ফলে সরকারি, আধাসরকারি ও বেসরকারি খাতের চাকরিজীবীদের করের চাপ কিছুটা কমবে বলে আশা করছে এনবিআর। তবে কর বিশেষজ্ঞরা বলছেন, করমুক্ত ভাতার সুযোগ থাকলেও মূল বেতন, উৎসব ভাতা ও বোনাসের ওপর নির্ধারিত হারে কর দেওয়ার বিষয়টি মাথায় রাখতে হবে।
উল্লেখযোগ্যভাবে, এনবিআরের তথ্য অনুযায়ী গত বছর ই–রিটার্ন দাখিলের গড় সংখ্যা ছিল দৈনিক প্রায় ২ হাজার, যেখানে এ বছর তা দাঁড়িয়েছে দৈনিক প্রায় ১০ হাজারে। রাজস্ব বোর্ড বলছে, অনলাইন ব্যবস্থার সহজীকরণ, করদাতাদের জন্য সহায়তা ডেস্ক বৃদ্ধি এবং প্রচার–প্রচারণা বাড়ানো—এসব কারণে ই–রিটার্ন দাখিলের হার আগের তুলনায় অনেক বেশি হয়েছে।
করদাতাদের জন্য ই–রিটার্ন দাখিলের শেষ তারিখ চলতি বছরের মতোই ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। তà¦

