ছবি: সংগৃহীত
৫০০ কোটি টাকারও বেশি খেলাপি ঋণ আদায়ে দেশের আবাসন খাতের অন্যতম পুরনো প্রতিষ্ঠান নাভানা রিয়েল এস্টেটের বন্ধকি সম্পত্তি নিলামে তোলার উদ্যোগ নিয়েছে সাউথইস্ট ব্যাংক।
এ লক্ষ্যে ব্যাংকটির মতিঝিল শাখা (ইসলামি ব্যাংকিং) থেকে চলতি জুলাই মাসে একটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে দরপত্র আহ্বান করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী ক্রেতাদের আগামী ৬ আগস্টের মধ্যে নির্ধারিত হারে পে-অর্ডারসহ আবেদন জমা দিতে বলা হয়েছে।
সাউথইস্ট ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাভানা রিয়েল এস্টেট ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় নিয়ম অনুযায়ী বন্ধকি সম্পত্তি নিলামে তোলা হয়েছে। এখনও তা বিক্রি হয়েছে কিনা, সে তথ্য আমার জানা নেই, বিষয়টি শাখা পর্যায়ে দেখা হয়।”
নিলাম সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ১২ জুলাই পর্যন্ত নাভানা রিয়েল এস্টেটের কাছে সাউথইস্ট ব্যাংকের পাওনা দাঁড়িয়েছে ৫০০ কোটি ৭৯ লাখ ২৫ হাজার ৭১৪ টাকা। কোম্পানিটির পক্ষে এই ঋণ গ্রহণ করেন ব্যবস্থাপনা পরিচালক খালেদা ইসলাম।
ঋণ আদায় না হওয়া পর্যন্ত মূল অর্থের পাশাপাশি সুদ, খরচ ও মুনাফা আদায়ের লক্ষ্যে ব্যাংক প্রতিষ্ঠানটির বন্ধকি সম্পত্তি বিক্রির উদ্যোগ নিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ১৩টি তফসিলভুক্ত সম্পত্তির মধ্যে রাজধানীর তেজগাঁও ও ঢাকার ধামরাই উপজেলার কামালপুর এলাকায় মোট ৫২৬ শতাংশ জমি রয়েছে।
নিলামে অংশ নিতে ইচ্ছুক ব্যক্তিদের নির্ধারিত দরের বিপরীতে পে-অর্ডারসহ আবেদন জমা দিতে হবে। নির্বাচিত দরদাতাদের ৩০ থেকে সর্বোচ্চ ৯০ কর্মদিবসের মধ্যে সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে হবে। তবে এসব সম্পত্তির বিরুদ্ধে অন্য কোনো পাওনা থাকলে ব্যাংক তার দায়ভার নেবে না বলে জানানো হয়েছে। দরপত্র গৃহীত না হলে জমাকৃত অর্থ ফেরত দেওয়া হবে।
নাভানা রিয়েল এস্টেটের ওয়েবসাইট অনুযায়ী, ১৯৯৬ সালে কোম্পানিটি প্রতিষ্ঠা করেন চেয়ারম্যান শফিউল ইসলাম, যিনি নাভানা গ্রুপেরও চেয়ারম্যান। তার স্ত্রী খালেদা ইসলাম গ্রুপের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এদিকে, কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) নাজমুল হোসà

