ছবি: সংগৃহীত
ঈদের ছুটি শেষে অফিস খোলার দ্বিতীয় দিনেই ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে আবারও বিক্ষোভে নেমেছেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আন্দোলনরত কর্মচারীরা। আজ সোমবার সচিবালয়ের ভেতরে তাঁরা বিক্ষোভ করেন এবং সরকারের আরও তিন উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছেন।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, সকাল থেকেই সচিবালয়ের বাদামতলায় জড়ো হতে শুরু করেন কর্মচারীরা। সেখানে তাঁরা অধ্যাদেশ বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল—‘অবৈধ কালো আইন মানি না’, ‘চাকরি নিরাপত্তা হরণ চলবে না’ ইত্যাদি। এরপর তাঁরা মিছিল করে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের নিচে গিয়ে অবস্থান নেন এবং দ্রুত অধ্যাদেশ বাতিলের দাবি জানান।
এর আগে ঈদের ছুটির আগ পর্যন্ত বেশ কয়েক দফা কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। তাঁরা তখন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টার কাছে স্মারকলিপিও জমা দেন। এর মধ্যে ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল, ভূমি ও খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার, বিদ্যুৎ ও যোগাযোগ খাতের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
আজকের কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনরত কর্মচারীরা স্মারকলিপি জমা দেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ এবং গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এর কাছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সংশোধিত সরকারি চাকরি আইন বাতিলের দাবিতে আন্দোলনে রয়েছেন সচিবালয়ের বিভিন্ন দপ্তরের কর্মচারীরা। সরকার সম্প্রতি এই অধ্যাদেশ জারি করলে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করে। কর্মচারীরা দাবি করছেন, নতুন অধ্যাদেশ তাঁদের চাকরি নিরাপত্তা হরণ করছে এবং তা অবিলম্বে বাতিল করতে হবে।

