ছবি : সংগৃহীত
চট্টগ্রামের কালুরঘাট সেতুর পূর্ব প্রান্তে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে গেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে বোয়ালখালী উপজেলায় এ দুর্ঘটনায় তিনজন নিহত ও অন্তত তিনজন আহত হন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফতাব উদ্দিন রাত ১টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত ও নিহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানাতে গিয়ে জানালিহাট স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার মো. নেজাম উদ্দিন বলেন, “ট্রেনটি দ্রুতগতিতে সেতুর ওপর উঠে যায়। তখন সেতুর ওপর একাধিক সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল ছিল। একটি যানবাহন সেতুর ওপর নষ্ট হয়ে যাওয়ায় অন্য গাড়িগুলো সেতু থেকে নামতে পারেনি।”
ট্রেনচালক সংকেত অমান্য করেছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে নেজাম উদ্দিন জানান, “নিয়ম অনুযায়ী ট্রেন পূর্ব প্রান্তে এসে থামবে, এরপর লাইনম্যানের সংকেত পেয়ে সেতুতে উঠবে। কিন্তু ট্রেনচালক এ নিয়ম না মেনে সরাসরি দ্রুতগতিতে সেতুতে উঠে যান। অপরদিক থেকেও তখন গাড়ি আসছিল। এতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।”
স্থানীয় দুই বাসিন্দা জানান, ট্রেনটি হঠাৎ দ্রুতগতিতে চলে আসায় কয়েকটি অটোরিকশা ও মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ধাক্কায় যানবাহনগুলো দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী ও উদ্ধারকর্মীরা উপস্থিত হয়ে উদ্ধার তৎপরতা চালায়। দুর্ঘটনার কারণ তদন্তে একটি কমিটি গঠন করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

