জো বাইডেন। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছেন। শরীরে ক্যানসারের একটি আক্রমণাত্মক রূপ শনাক্ত হয়েছে, যা ইতোমধ্যে তার হাড়েও ছড়িয়ে পড়েছে বলে নিশ্চিত করেছে তার ব্যক্তিগত কার্যালয়।
রোববার (১৮ মে) এক বিবৃতিতে বাইডেনের ব্যক্তিগত দপ্তর জানায়, গত সপ্তাহে প্রস্রাবের সমস্যাজনিত লক্ষণ অনুভব করার পর বাইডেনের প্রোস্টেট নোডিউলের পরীক্ষা করা হয়। এরপর গত শুক্রবার তার প্রোস্টেট ক্যানসার ধরা পড়ে। পরীক্ষায় হাড়ে মেটাস্ট্যাসিসসহ ক্যানসারের উপস্থিতি শনাক্ত হয়, যার গ্লিসন স্কোর ছিল ৯ (গ্রেড গ্রুপ ৫)। এ স্কোর ক্যানসারের উচ্চমাত্রার আক্রমণাত্মকতা নির্দেশ করে।
তবে একই সঙ্গে জানানো হয়েছে, এটি হরমোন-সংবেদনশীল ক্যানসার হতে পারে, যার ফলে চিকিৎসার কার্যকর কিছু উপায় এখনও উন্মুক্ত রয়েছে।
৮২ বছর বয়সী বাইডেন বর্তমানে ডেলাওয়্যার অঙ্গরাজ্যের উইলমিংটনে নিজের বাড়িতে রয়েছেন এবং চিকিৎসকদের সঙ্গে চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করছেন। তার পরিবারও এ বিষয়ে চিকিৎসকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছে।
এর আগে বাইডেনের একজন মুখপাত্র জানিয়েছিলেন, সাম্প্রতিক এক পরীক্ষায় তার প্রোস্টেটে একটি ছোট নোডিউল পাওয়া গেছে। কয়েকদিনের ব্যবধানে সেই সন্দেহই রূপ নেয় ক্যানসারে।
এ খবর প্রকাশের পর যুক্তরাষ্ট্রজুড়ে উদ্বেগ দেখা দিলেও বাইডেনের ঘনিষ্ঠ মহল আশাবাদী যে সময়মতো চিকিৎসার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
সূত্র: সিএনএন

