ছবি: সংগৃহীত
গাজীপুর সিটি করপোরেশনের রওশন সড়ক বালুর মাঠ এলাকার একটি ফ্ল্যাট থেকে ওমর ফারুক (৩২) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ মে) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের দাবি, পরিকল্পিতভাবে তাকে হত্যা করে কক্ষে তালা ঝুলিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীন খান জানান, ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়ালে পাশের ভাড়াটিয়ারা বিষয়টি ভবনের ম্যানেজারকে জানান। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং মরদেহটি উদ্ধার করে।
নিহত ওমর ফারুক রংপুর জেলার মহেষা গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি গাজীপুরের রওশন সড়ক বালুর মাঠ এলাকার কামরুল ইসলামের মালিকানাধীন চারতলা ভবনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।
ওসি শাহীন খান বলেন, “মরদেহটি আংশিক গলিত অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ৪-৫ দিন আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
নিহতের বড় ভাই সৈয়দ মুহাম্মদ ইকবাল বলেন, “ফারুক আমাদের বাড়িতে ছিল। সে কাপড়ের ব্যবসা করার পরিকল্পনায় মে মাসে গাজীপুরে আসে এবং ফ্ল্যাটে ওঠে। বাড়ি থেকে এক লাখ ৯০ হাজার টাকা নিয়ে এসেছিল। শুক্রবার সন্ধ্যায় থানার ফোন পেয়ে আমরা ছুটে আসি এবং রাতে গিয়ে ভাইয়ের মরদেহ শনাক্ত করি।”
তিনি আরও জানান, ওই ফ্ল্যাটে আগে এক নারী, একজন পুরুষ এবং তাদের দুটি সন্তান থাকতেন। তবে ফারুকের মরদেহ উদ্ধারের পর থেকে তারা সবাই নিখোঁজ।
ওসি শাহীন খান বলেন, “ফারুককে হত্যা করা হয়েছে কি না, বা কীভাবে তার মৃত্যু হয়েছে—তা জানতে হলে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।”
স্বজনদের অভিযোগের ভিত্তিতে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তিনি বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

