ছবি: সংগৃহীত
সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হওয়া সামরিক উত্তেজনা নাটকীয়ভাবে থেমে গেছে। শনিবার দুই দেশের মধ্যে পূর্ণমাত্রায় যুদ্ধবিরতির ঘোষণা আসে। আর এই শান্তিপ্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে ছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
যদিও কিছুদিন আগেই ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে মন্তব্য করতে গিয়ে ভ্যান্স বলেছিলেন, “এটা আমাদের দেখার বিষয় নয়”, তবে শুক্রবার সকালে পাওয়া একটি উদ্বেগজনক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হোয়াইট হাউজের অবস্থানে নাটকীয় পরিবর্তন আসে।
সিএনএন-এর বরাত দিয়ে জানা যায়, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দেওয়া তথ্যের ভিত্তিতে আশঙ্কা তৈরি হয় যে, ভারত-পাকিস্তানের চলমান সংঘাত একটি পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিতে পারে। ওইদিনই ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অবহিত করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি ফোন করেন।
ফোনালাপে মোদীকে যুদ্ধবিরতির পথে এগোতে উৎসাহ দেন ভ্যান্স। তিনি স্পষ্টভাবে বলেন, সংঘাত নিয়ন্ত্রণে না আনলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে। মোদীকে পাকিস্তানের সঙ্গে সরাসরি যোগাযোগ করে উত্তেজনা প্রশমনের পরামর্শ দেন তিনি।
পরিস্থিতি মোকাবেলায় ভ্যান্সের সঙ্গে একযোগে কাজ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, অন্তর্বর্তীকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এবং হোয়াইট হাউজের চিফ অব স্টাফ সুসি উইলিস। রাতভর চলে কূটনৈতিক তৎপরতা। দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখেন মার্কিন কর্মকর্তারা।
ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানান, তাঁদের ভূমিকা ছিল প্রধানত দু’পক্ষকে আলোচনায় আনায় সহায়তা করা, কোনো সরাসরি যুদ্ধবিরতি চুক্তি নয়। মোদী-ভ্যান্স ফোনালাপই এই প্রক্রিয়ার মোড় ঘোরাতে বড় ভূমিকা রাখে।
যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই কূটনৈতিক তৎপরতা শুরু হয়, তার বিস্তারিত জানাতে রাজি হননি মার্কিন কর্মকর্তারা। স্পর্শকাতরতা ও জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে তারা তথ্য গোপন রাখেন।
গত ২২ এপ্রিল পেহেলগামে জঙ্গি হামলার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে টানা কয়েকদিন ধরে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। তবে শনিবার বিকেলেই হঠাৎ যুদ্ধবিরতির ঘোষণা আসে। সন্ধ্যায় এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, “ভারত ও পাকিস্তান এখন যুদ্ধবিরতিতে। এটা শান্তির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
পরবর্তীতে জানা যায়, দুই দেশ তৎক্ষণাৎ পূর্ণমাত্রার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
এই শান্তিপ্রচেষ্টার নেতৃত্বে জেডি ভ

