প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি, উইকিপিডিয়া
ঢাকা, ১০ মে — ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান সংঘর্ষ অবশেষে যুদ্ধবিরতিতে উপনীত হয়েছে। এই শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর জন্য দুই দেশের প্রধানমন্ত্রী—ভারতের নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের শাহবাজ শরিফকে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জারি করা এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।
বিবৃতিতে ড. ইউনূস বলেন, “আমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই তাদের কার্যকর ও সময়োপযোগী মধ্যস্থতার জন্য।” তিনি বলেন, প্রতিবেশী দুই দেশের মধ্যে কূটনৈতিকভাবে মতপার্থক্য নিরসনের যেকোনো উদ্যোগকে বাংলাদেশ সর্বাত্মক সমর্থন জানাবে।
এদিকে, টানা কয়েক দিনের সঙ্ঘাত, পাল্টাপাল্টি হামলা এবং উত্তেজনার পর শনিবার বিকেলে নিজের সোশ্যাল মিডিয়ায় যুদ্ধবিরতির ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। পরে ভারত ও পাকিস্তান—দুই দেশের পক্ষ থেকেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
এ নিয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর বিরুদ্ধে পাকিস্তানের ‘বুনায়ানুন মারসুস’ একটি ঐতিহাসিক বিজয়। এই ভাষণে তিনি পাকিস্তানি জনগণের সংহতি ও সাহসিকতার প্রশংসা করেন।
বিশ্লেষকদের মতে, এই যুদ্ধবিরতি দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

