ছবি: সংগৃহীত
ঢাকা: আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করার দাবিসহ তিন দফা দাবিতে শনিবার রাজধানীর শাহবাগ মোড়ে গণজমায়েতের আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শুক্রবার রাতে শাহবাগে আয়োজিত এক সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, “আগামীকাল বিকাল ৩টায় শাহবাগে গণজমায়েত অনুষ্ঠিত হবে। একইসঙ্গে আমাদের চলমান অবস্থান কর্মসূচিও অব্যাহত থাকবে।”
তিন দফা দাবির মধ্যে রয়েছে— আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দলটির বিরুদ্ধে দলগত বিচারের বিধান যুক্ত করা এবং ‘জুলাই ঘোষণাপত্র’ জারি করা।
হাসনাত বলেন, “গতকাল রাত ১০টা থেকে আমরা অবস্থান কর্মসূচি শুরু করেছি। এ কর্মসূচি কতদিন চলবে তা আমরা জানি না। যতক্ষণ না আমাদের দাবি মানা হচ্ছে, আমরা শাহবাগ ছাড়ব না।”
আন্দোলনে সংহতি জানিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখ্য সংগঠক রাইয়ান ফেরদৌস বলেন, “আমরা রাতেও অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।”
এর আগে বৃহস্পতিবার রাতে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে হাসনাত তার ব্যক্তিগত ফেইসবুক আইডিতে যমুনা ভবনের সামনে অবস্থান কর্মসূচির ডাক দেন। তার ডাকে সাড়া দিয়ে সেখানে বিক্ষোভকারীরা জড়ো হন।
শুক্রবার জুমার নামাজের পর মিন্টো রোডের প্রবেশমুখে অস্থায়ী মঞ্চ গড়ে তোলা হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশ শেষে বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন।
এদিকে, এ দাবিগুলোর প্রেক্ষিতে শুক্রবার রাতে এক বিবৃতিতে সরকারের অবস্থান তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, “সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল ও জনগণের পক্ষ থেকে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার যে দাবি উঠেছে, তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।”
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “আওয়ামী লীগের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো এবং জাতিসংঘের সংশ্লিষ্ট প্রতিবেদন সরকার গুরুত্বসহকারে পর্যালোচনা করছে। এরই মধ্যে ছাত্রলীগকে প্রচলিত আইনের আওতায় সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে।”
সরকার সব পক্ষকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে জানিয়েছে, চলমান তদন্তে সহযোগিতা না করে আওয়ামী লীগ দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে।

