ছবি: সংগৃহীত
টেক্সাস, ৬ মে – বিশ্বের শীর্ষ ধনী ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক তাঁর স্বপ্নের শহর গড়ে তোলার পথে আরেক ধাপ এগিয়ে গেলেন। টেক্সাস অঙ্গরাজ্যের বোকা চিকা এলাকায় ‘স্টারবেস’ নামে একটি নতুন শহর প্রতিষ্ঠার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। স্থানীয়দের অংশগ্রহণে আয়োজিত গণভোটে মাস্ক পেয়েছেন বিপুল সমর্থন। ভোটের ফল ঘোষণার আগেই তিনি তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ (সাবেক টুইটার) ঘোষণা দেন, “স্টারবেস এখন আনুষ্ঠানিকভাবে একটি শহর।”
নতুন এই শহরের কেন্দ্রবিন্দুতে রয়েছে মাস্কের মালিকানাধীন মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের উৎক্ষেপণ কেন্দ্র ও কার্যালয়। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ভোটারদের প্রায় ৬০ শতাংশই স্পেসএক্সের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত, যা মাস্কের উদ্যোগকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
স্টারবেস শহরে মূলত স্পেসএক্সের কর্মীরাই বসবাস করবেন। বর্তমানে প্রতিষ্ঠানটিকে উৎক্ষেপণ কার্যক্রম পরিচালনার সময় স্থানীয় কাউন্টি প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হয়। তবে টেক্সাস সিনেট বিল ২১৮৮ পাস হলে সেই এখতিয়ার নতুন গঠিত স্টারবেস শহর কর্তৃপক্ষের হাতে চলে যাবে। এর ফলে স্পেসএক্স আরও স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে।
বিশেষজ্ঞদের মতে, এই নতুন শহর প্রতিষ্ঠার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থাগুলোর নিয়ন্ত্রণ সীমিত হতে পারে। স্পেসএক্স বর্তমানে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং পরিবেশ সুরক্ষা সংস্থা (ইপিএ)-র বিভিন্ন বিধিনিষেধের আওতায় থাকলেও, স্টারবেসের মাধ্যমে প্রতিষ্ঠানটি স্থানীয়ভাবে আরও দ্রুত ও সহজে সিদ্ধান্ত নিতে সক্ষম হবে।
সূত্র: দ্য ভার্জ

