ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ব্রাহ্মণবাড়িয়ায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা বক্ষব্যাধি হাসপাতালের ৫৮ শতক জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর এলাকার মেড্ডায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার আবদুল খালেক পাটোয়ারী।
অভিযানের সময় হাসপাতালের জমিতে গড়ে ওঠা বেশ কয়েকটি বাড়ি ও দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়।
জেলা প্রশাসন, সিভিল সার্জন কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি এ হাসপাতালের ঠিক পাশেই রয়েছে মেড্ডা বাজার এবং পূর্বদিকে তিতাস নদী। প্রায় ৬০ থেকে ৭০ বছর ধরে স্থানীয় কিছু ব্যক্তি হাসপাতালের ৫৮ শতক জমি দখল করে পাকা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করেন।
চলতি বছর ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন আদালতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে মামলা দায়ের করলে, অতিরিক্ত জেলা হাকিম মাহমুদা আক্তার গত ২৮ এপ্রিল উচ্ছেদ আদেশ দেন।
আদালতের নির্দেশে শুক্রবারের অভিযানে নির্বাহী হাকিমের নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা অংশ নেন।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. নোমান মিয়া বলেন, “প্রায় ছয়-সাত দশক ধরে বক্ষব্যাধি হাসপাতালের জমি স্থানীয়রা দখলে রেখেছিল। আমরা আইনি পদক্ষেপ নিয়ে জায়গাটি উদ্ধার করেছি। এ জমি ভবিষ্যতে স্বাস্থ্যসেবা উন্নয়নে ব্যবহার করা হবে।”
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

