নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে দক্ষিণ চরক্লার্ক গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলেন—মনু মিয়ার মেয়ে আলিশা খাতুন (৭) এবং সাইফুর রহমান মাসুদের মেয়ে পাখি আক্তার (৭)। তারা দুজনেই স্থানীয় ফকির মার্কেট নূরানী মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।
চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাশার জানান, দুপুর আনুমানিক ২টার দিকে পরিবারের অগোচরে তারা পুকুরে নামে। সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে প্রথমে এক শিশুকে পুকুরে ভাসতে দেখা যায়। এরপর তল্লাশি চালিয়ে অপর শিশুকেও উদ্ধার করা হয়।
দুজনকেই দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

