ছবি: সংগৃহীত
মালয়েশিয়ান ওপেন সাঁতার চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম। আজ ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে ২৬.৬৮ সেকেন্ড সময় নিয়ে তিনি প্রথম হন। এই ইভেন্টে এটি সামিউলের ক্যারিয়ার-সেরা টাইমিং এবং আন্তর্জাতিক পর্যায়ে তাঁর প্রথম সোনা জয়।
এই ইভেন্টে সামিউল হারিয়েছেন সিঙ্গাপুরের ড্যানিয়েল উইলিয়ামস ও স্বাগতিক মালয়েশিয়ার জেফ ইয়াংকে।
কুয়ালালামপুরে ২৪ এপ্রিল শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। এতে মালয়েশিয়াসহ বিশ্বের প্রায় ৩০টি দেশ থেকে সিনিয়র ও জুনিয়র পর্যায়ের সাঁতারুরা অংশ নিচ্ছেন।
এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহে থাই ওপেন সাঁতার চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জ ও ৫০ মিটার ব্যাকস্ট্রোকে রুপা জেতেন সামিউল। এক মাসের ব্যবধানে বিদেশের মাটিতে এটি তাঁর তৃতীয় পদক।
গতকাল মালয়েশিয়ান ওপেনের প্রথম দিনে তিনটি ইভেন্টে অংশ নেন সামিউল ইসলাম। ১০০ মিটার ফ্রিস্টাইলে তিনি অষ্টম, ৫০ মিটার বাটারফ্লাইয়ে পঞ্চম এবং ১০০ মিটার ব্যাকস্ট্রোকে চতুর্থ স্থান অর্জন করেন। যদিও এই ইভেন্টগুলোতে তিনি পদক জিততে পারেননি, তবে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে সময় নেন ৫৮.৪৮ সেকেন্ড, যা তাঁর ক্যারিয়ারের সেরা টাইমিং।
সামিউল ইসলাম বর্তমানে বিশ্ব সাঁতার ফেডারেশন থেকে বৃত্তি নিয়ে থাইল্যান্ডে প্রশিক্ষণ নিচ্ছেন। এছাড়াও সামিউল ইসলাম বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন তিনি।
আগামী ১১ জুলাই থেকে ৩ আগস্ট সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ। সেখানে বাংলাদেশ থেকে সামিউল ইসলাম ও অ্যানি আক্তার অংশ নেবেন। সামিউল অংশ নেবেন ৫০ ও ১০০ মিটার ব্যাকস্ট্রোকে, অ্যানি অংশ নেবেন ৫০ ও ১০০ মিটার ফ্রিস্টাইলে।
মালয়েশিয়া থেকে মোবাইলে দেওয়া প্রতিক্রিয়ায় সামিউল বলেন, ‘জুলাইয়ে সিঙ্গাপুরে বিশ্ব সাঁতার। সেখানে ভালো কিছু করার চেষ্টা থাকবে। তার আগে মালয়েশিয়ায় সোনা জিততে পেরে ভালো লাগছে। প্রস্তুতিটাও হয়ে গেল।’
উল্লেখ্য, ২০২৩ সালের জাতীয় সাঁতারে রেকর্ড গড়ে তিনটি স্বর্ণ জিতেছিলেন ২১ বছর বয়সী এই সাঁতারু। একই বছর ৩৩তম জাতীয় সাঁতà¦

