হেডফোন ও ডেটা কেব্ল কারখানা
চট্টগ্রাম ইপিজেডে হেডফোন ও ডেটা কেব্ল কারখানা স্থাপন করছে
৩০ লাখ ডলারের বিনিয়োগে কর্মসংস্থান হবে ৪৭৮ জনের। বাংলাদেশের রপ্তানি খাত দীর্ঘদিন ধরেই পোশাক ও বস্ত্রশিল্পের ওপর নির্ভরশীল। তবে সাম্প্রতিক সময়ে রপ্তানি বৈচিত্র্য আনার উদ্যোগের অংশ হিসেবে নতুন নতুন খাতে বিনিয়োগ বাড়ছে। এরই ধারাবাহিকতায় চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান ডিরেকশন টেকনোলজি (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) হেডফোন ও ডেটা কেব্ল তৈরির কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ জন্য প্রতিষ্ঠানটি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে একটি বিনিয়োগ চুক্তি করেছে।
বৃহস্পতিবার বেপজার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং ডিরেকশন টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) লি ফানফান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, সদস্য আবদুল্লাহ আল মামুন ও আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক মো. তানভীর হোসেন, এ এস এম আনোয়ার পারভেজ ও মো. খুরশিদ আলমসহ বেপজা এবং ডিরেকশন টেকনোলজির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বেপজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিরেকশন টেকনোলজি এই প্রকল্পে ৩০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে। এই বিনিয়োগের ফলে প্রায় ৪৭৮ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রাথমিকভাবে কারখানায় ব্লুটুথ হেডফোন, তারযুক্ত হেডফোন এবং ডেটা কেব্ল উৎপাদন করা হবে।
বেপজা জানিয়েছে, নতুন এই বিনিয়োগ বাংলাদেশের প্রথাগত পোশাক ও বস্ত্রশিল্পের ওপর নির্ভরতা কমাবে। একই সঙ্গে রপ্তানি তালিকায় নতুন প্রযুক্তিভিত্তিক পণ্য যোগ হবে, যা দেশের ক্রমবর্ধমান ইলেকট্রনিকস খাতকে আরও শক্তিশালী করবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উচ্চ মূল্য সংযোজিত পণ্য উৎপাদনের মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে পারবে।
অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়

