বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ
২০২৫ সালের প্রথম পাঁচ মাসে বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব
চলতি বছরের প্রথম পাঁচ মাসে (জানুয়ারি-মে) বাংলাদেশ প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। প্রতিষ্ঠানটির দাবি, এই প্রবাহ বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) নিয়ে বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধির প্রমাণ দিচ্ছে।
বিডার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান রোচি মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিডা অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য তুলে ধরেন। তিনি জানান, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত পাওয়া বিনিয়োগ প্রস্তাবের মধ্যে প্রায় ২০ শতাংশ ইতোমধ্যেই উন্নত অগ্রগতি পর্যায়ে পৌঁছেছে। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে চুক্তি স্বাক্ষর, জমি ইজারা নিশ্চিতকরণ ও বরাদ্দপত্র জারি।
নাহিয়ান রহমান রোচি বলেন, “আমাদের লক্ষ্য কেবল বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি নয়, বরং এর মান ও দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করা। যদি এ প্রবণতা বজায় থাকে এবং প্রক্রিয়া আরও সহজতর হয়, তাহলে আগামী পাঁচ মাসে আরও কার্যকর ফলাফল পাওয়া যাবে।”
ধাপে ধাপে অগ্রসর বিনিয়োগ প্রস্তাব
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) হিসাব অনুযায়ী, বর্তমানে প্রাপ্ত বিনিয়োগ প্রস্তাবের প্রায় ৬০ শতাংশ অনুসন্ধানী বা যাচাই-বাছাই পর্যায়ে রয়েছে। এর মধ্যে সম্ভাব্যতা সমীক্ষা, প্রাথমিক আলোচনাসহ প্রাথমিক প্রকল্প পরিকল্পনা অন্তর্ভুক্ত। এছাড়া, আরও প্রায় ২০ শতাংশ প্রস্তাব এখন গভীর পর্যালোচনার মধ্যে আছে, যা আনুষ্ঠানিক অনুমোদনের পূর্ববর্তী ধাপ।
রোচি বলেন, “এটি বড় অঙ্কের বিনিয়োগে একটি স্বাভাবিক ধারা। বিশ্বব্যাপী বেশিরভাগ বিনিয়োগই অনুসন্ধানী পর্যায় থেকে শুরু হয় এবং ধীরে ধীরে বাস্তবায়নের দিকে

