ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা কমে যাওয়ায় দেশের বাজারেও কমানো হয়েছে এলপিজির দাম। জুলাই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১,৩৬৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বুধবার (৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, নতুন এই মূল্য তালিকা ওই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।
দুই মাসের দরপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, জুন মাসে সৌদি আরামকো ঘোষিত এলপিজির কাঁচামাল প্রোপেন ও বিউটেনের গড় মূল্য ছিল প্রতি টন ৫৮০ দশমিক ৫০ মার্কিন ডলার। জুলাই মাসে তা কমে দাঁড়িয়েছে ৫৫৫ দশমিক ৫০ ডলারে। ফলে আন্তর্জাতিক বাজারে দাম কমার প্রভাব পড়েছে দেশীয় বাজারেও।
নতুন দরে খুচরা পর্যায়ে প্রতি কেজি এলপিজির মূল্য মূসকসহ নির্ধারণ করা হয়েছে ১১৩ টাকা ৬৪ পয়সা, যেখানে জুন মাসে ছিল ১১৬ টাকা ৯৪ পয়সা। অর্থাৎ, কেজি প্রতি কমেছে ৩ টাকা ৩০ পয়সা।
এছাড়া, রেটিকুলেটেড পদ্ধতিতে ব্যবহৃত এলপিজির প্রতি কেজির দাম জুলাই মাসে নির্ধারণ করা হয়েছে ১০৯ টাকা ৮৯ পয়সা, যা আগের মাসে ছিল ১১৩ টাকা ১৯ পয়সা।
একইসঙ্গে অটোগ্যাসের দামও কমানো হয়েছে। জুলাই মাসে প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৬২ টাকা ৪৬ পয়সা, যেখানে জুন মাসে ছিল ৬৪ টাকা ৩০ পয়সা।

