ছবি: সংগৃহীত
দিনাজপুরের ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পাঁচজনের। আহত হয়েছেন অন্তত ১৫ জন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট পৌরসভার নূরজাহানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক ধারণা, দ্রুতগামী বাসের অসাবধানতাই এই প্রাণঘাতী সংঘর্ষের মূল কারণ।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, একটি আম বোঝাই ট্রাক মহাসড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। ওই সময় পঞ্চগড় থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি দ্রুতগতির বাস পেছন থেকে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা এতটাই তীব্র ছিল যে, বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
তিনি বলেন, “ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে তিনজন নিহত হন। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যান।” তবে নিহত এবং আহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। তাদের তৎপরতায় দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, মহাসড়কে রাতভর পণ্যবাহী ট্রাকগুলোর যত্রতত্র দাঁড়িয়ে থাকা এবং যথাযথ সিগনাল না থাকা দুর্ঘটনার অন্যতম কারণ। এছাড়া, বাসটি খুব দ্রুতগতিতে চলছিল বলেও অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা।
ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক আরও বলেন, “দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচলে কিছু সময়ের জন্য বিঘ্ন ঘটে। পরে যান চলাচল স্বাভাবিক করা হয়।”
সড়ক দুর্ঘটনাটি স্থানীয় প্রশাসনকে আবারও প্রশ্নের মুখে ফেলেছে—অবৈধ পার্কিং, যানবাহনের অযত্ন-অবহেলা এবং অতিরিক্ত গতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না থাকায় প্রায়ই এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে বলে মনে করছেন সড়ক নিরাপত্তা বিশ্লেষকরা।
সূত্র: ঘোড়াঘাট থানা পুলিশ

