ছবি : সংগৃহীত
ভুটান ম্যাচে স্টেডিয়ামের বাইরে কালোবাজারিদের মাধ্যমে টিকিট বিক্রির ঘটনার পরিপ্রেক্ষিতে আসন্ন সিঙ্গাপুর ম্যাচ ঘিরে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ ঘিরে সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে বাফুফে একাধিক নির্দেশনা দিয়েছে।
ভুটান ম্যাচে গেট ভেঙে সমর্থকদের প্রবেশ এবং অনেক দর্শকের প্রথমার্ধ মিস করার মতো বিশৃঙ্খলা এবার যেন না ঘটে, সে জন্য বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে। বাফুফে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ম্যাচ শুরুর পাঁচ ঘণ্টা আগে থেকেই স্টেডিয়ামে প্রবেশের সুযোগ থাকবে। গেট খোলা হবে দুপুর ২টায়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নকল টিকিট ব্যবহারকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দর্শকদের সারিবদ্ধভাবে জাতীয় স্টেডিয়ামের ৩ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে বলা হয়েছে। এজন্য দৈনিক বাংলা থেকে রাজউক ভবন পর্যন্ত দুটি লেন নির্ধারিত থাকবে। পাশাপাশি একটি লেন যান চলাচলের জন্য খোলা রাখা হবে। ঈদের ছুটি ও আশপাশের অফিস বন্ধ থাকার কারণে এই বিশেষ ব্যবস্থা কেবল এই ম্যাচের জন্য প্রযোজ্য থাকবে।
বাফুফে জানিয়েছে, সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। তাই টিকিটবিহীন কাউকে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। একইসঙ্গে টিকিট ছাড়া প্রবেশের চেষ্টা না করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। যারা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে না, তাদের জন্য শহরের বিভিন্ন স্থানে খেলা দেখার জন্য বড় পর্দার আয়োজন থাকবে।
স্টেডিয়ামের নিরাপত্তা নিশ্চিতে আরও কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। জাতীয় স্টেডিয়ামে কোনো ধরনের ব্যাগ, পানির বোতল বা অতিরিক্ত সামগ্রী আনা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ নিয়ম ভাঙলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে বাফুফে।
বাফুফে আশা করছে, এসব উদ্যোগে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি শান্তিপূর্ণভাবে এবং সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হবে।

