ছবি : সংগৃহীত
আওয়ামী লীগ সরকারের সময় টানা দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা মো. আবদুল হামিদ দেশে ফিরেছেন। রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে থাইল্যান্ড থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র প্রথম আলোকে সাবেক রাষ্ট্রপতির দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছে। তাঁর সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডা. নওশাদ খান।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজ থেকে হুইলচেয়ারে করে আবদুল হামিদকে নামানো হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বলেন, “সাবেক রাষ্ট্রপতি সাধারণ যাত্রীর মতোই দেশে এসেছেন।”
উল্লেখ্য, গত ৭ মে দিবাগত রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছেড়েছিলেন আবদুল হামিদ। এরপর তাঁর দেশত্যাগ ঘিরে নানা মহলে সমালোচনা এবং বিক্ষোভ শুরু হয়। বিশেষ করে কিশোরগঞ্জে ছাত্র আন্দোলনে হামলা ও গুলির অভিযোগে আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ১২৪ জনের বিরুদ্ধে মামলা দায়েরের পর বিষয়টি আরও আলোচনায় আসে। মামলাটি দায়ের হয় ১৪ জানুয়ারি, কিশোরগঞ্জ থানায়।
ঘটনার পর পরই কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে প্রত্যাহার করা হয়। একইসঙ্গে ঢাকার বিমানবন্দরে দায়িত্বে থাকা ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার এবং উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
সাবেক রাষ্ট্রপতির ফেরার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

