ছবি: যায়যায়দিন
দেশের তরুণ ও যুব সমাজকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর। আগামী জুন-জুলাই মাস থেকেই এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হতে পারে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই ঘোষণা দেন।
আসিফ মাহমুদ বলেন, “পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আমাদের তরুণ প্রজন্মকে উপযুক্ত করে গড়ে তুলতে হবে। সে লক্ষ্যেই প্রশিক্ষণ কার্যক্রম সাজানো হবে।”
তিনি আরও বলেন, “এখনও অনেকেই সরকারি প্রতিষ্ঠানে স্কিল ডেভেলপমেন্টের জন্য নয়, বরং ডেইলি অ্যালাউন্স নেওয়ার জন্য প্রশিক্ষণে অংশ নেন। তবে আমরা এমনভাবে প্রশিক্ষণ উন্নয়ন করবো যাতে ভবিষ্যতে মানুষ ভাতা নয়, বরং অর্থ খরচ করেও সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিতে আগ্রহী হয়।”
এই উদ্যোগের মাধ্যমে দেশের যুবসমাজকে চতুর্থ শিল্পবিপ্লবের সঙ্গে সামঞ্জস্য রেখে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

