ভ্রমণ সাহিত্য, আলোকচিত্র ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন আয়োজন করল এক বর্ণাঢ্য সম্মাননা অনুষ্ঠান। রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ‘ভ্রমণে সৃজনশীলতার বিকাশ বিষয়ক পুরস্কার ২০২৫’ প্রদান করা হয় দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণী ব্যক্তিত্ব ও একটি ভ্রমণ সাহিত্য পত্রিকাকে। আয়োজনটি ছিল ভ্রমণভিত্তিক সাহিত্য ও সংস্কৃতিচর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিদের মিলনমেলায় পরিণত হওয়া এক অনন্য সন্ধ্যা।
অনুষ্ঠানে ভ্রমণ সাহিত্য, অ্যাডভেঞ্চার ভ্রমণ, আলোকচিত্র, সৃজনশীল নকশা, ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাণ এবং ভ্রমণ সাহিত্য প্রকাশনায় বিশেষ অবদানের জন্য মোট পাঁচজন ব্যক্তি ও একটি পত্রিকাকে সম্মাননা জানানো হয়। আয়োজকদের মতে, ভ্রমণ শুধু বিনোদনের বিষয় নয়; এটি মানুষের দৃষ্টিভঙ্গি, সংস্কৃতি ও জ্ঞানচর্চাকে সমৃদ্ধ করে। সেই ভাবনা থেকেই এ ধরনের পুরস্কার প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
২০২৫ সালের পুরস্কারপ্রাপ্তদের মধ্যে সৈয়দ মুজতবা আলী ভ্রমণ সাহিত্য পুরস্কার পেয়েছেন বিশিষ্ট ভ্রমণ সাহিত্য লেখক মাহফুজুর রহমান। দীর্ঘদিন ধরে দেশ-বিদেশের নানা অঞ্চল ঘুরে তার অভিজ্ঞতাভিত্তিক লেখালেখি পাঠকমহলে বিশেষভাবে সমাদৃত হয়েছে। তাঁর লেখায় যেমন উঠে আসে প্রকৃতি, ইতিহাস ও সংস্কৃতির গল্প, তেমনি ধরা পড়ে মানুষের জীবনসংগ্রাম ও স্থানীয় ঐতিহ্যের নানা দিক।
রামনাথ বিশ্বাস অ্যাডভেঞ্চার ট্রাভেল অ্যাওয়ার্ড অর্জন করেছেন অ্যাডভেঞ্চার লেখক মুনতাসির মামুন। পাহাড়, বন, সমুদ্র ও দুর্গম অঞ্চলে ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে তাঁর লেখাগুলো তরুণদের মধ্যে অভিযাত্রিক মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাংলাদেশের পর্যটন সম্ভাবনা ও পরিবেশ সংরক্ষণ নিয়েও তিনি দীর্ঘদিন কাজ করে যাচ্ছেনà

