Plane
১ জুলাই থেকে পুনরায় চালু ঢাকা–ম্যানচেস্টার রুট
ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুটে আবারও ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সপ্তাহে দুটি ফ্লাইটের মাধ্যমে আগামী ১ জুলাই থেকে এই রুটে যাত্রা শুরু হবে বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি মঙ্গলবার ও শনিবার ঢাকা থেকে সিলেট হয়ে ম্যানচেস্টারের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। ঢাকা থেকে স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে ফ্লাইট ছেড়ে সিলেটে পৌঁছাবে এবং সেখান থেকে দুপুর ১২টা ৫০ মিনিটে ম্যানচেস্টারের উদ্দেশে উড্ডয়ন করবে। ম্যানচেস্টারে পৌঁছানোর নির্ধারিত সময় স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিট।
ফেরার পথে ম্যানচেস্টার থেকে স্থানীয় সময় রাত ৯টায় ছেড়ে পরদিন দুপুর ১১টা ৫০ মিনিটে সিলেটে পৌঁছাবে ফ্লাইটটি। এরপর ঢাকায় পৌঁছাবে দুপুর দেড়টায়।
যাত্রীদের টিকিট বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য বিমানের সেলস সেন্টার, আইএটিএ অনুমোদিত ট্রাভেল এজেন্সি, কল সেন্টার বা অফিসিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে এই রুটে ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছিল বিমান। এতে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় এবং বিষয়টি ব্রিটিশ পার্লামেন্টেও আলোচিত হয়।
গত ১৫ জানুয়ারি হাউস অব কমন্সে ব্রিটিশ এমপি পল ওয়া বলেন, যুক্তরাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চল, স্কটল্যান্ড ও মিডল্যান্ডসের বাংলাদেশি কমিউনিটি সরাসরি ম্যানচেস্টার–সিলেট ফ্লাইটের ওপর নির্ভরশীল। হঠাৎ করে এই রুট বন্ধের ঘোষণায় তারা ভোগান্তিতে পড়েন।
এর আগে ৪ জানুয়ারি প্রথম ঘোষণায় ১ ফেব্রুয়ারি থেকে ফ্লাইট স্থগিতের কথা জানানো হয়। পরে তা এক মাস পিছিয়ে ১ মার্চ থেকে কার্যকর করা হয়।
বিমান জানিয়েছিল, উড়োজাহাজের স্বল্পতা, হজ কার্যক্রম, দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ এবং নেটওয়ার্ক ব্যবস্থাপনার কারণে এই রুটে ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পুনরায় ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

