বিদ্যুৎ ও শিল্প খাত
বিদ্যুৎ ও শিল্প খাতে খরচ বাড়ার আশঙ্কা
ফার্নেস অয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে প্রতি লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯৪ টাকা ৬৯ পয়সা, যা রোববার রাত ১২টা থেকে কার্যকর হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশন জানায়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও তেল বিপণন কোম্পানিগুলোর প্রস্তাবের ভিত্তিতে গণশুনানি, পর্যালোচনা ও বিশ্লেষণ শেষে এ মূল্য সমন্বয় করা হয়েছে।
দাম বৃদ্ধির ফলে বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতে ব্যয় বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন খরচ বেড়ে শেষ পর্যন্ত এর প্রভাব ভোক্তাদের ওপরও পড়তে পারে।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি ফার্নেস অয়েলের মূল্যহার, বিপিসির মজুত ও সরবরাহ চার্জ, তেল বিপণন কোম্পানিগুলোর চার্জ এবং পরিবহন ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছিল। সে সময় প্রতি তিন মাস অন্তর বা প্রয়োজন অনুযায়ী মূল্য সমন্বয়ের কথা বলা হয়।
এ ধারাবাহিকতায় ১৫ মার্চ একটি কমিটি গঠন করে বিইআরসি। কমিশন জানায়, মার্চে ক্রুড অয়েল আমদানি না হওয়ায় ওই মাসের পরিশোধিত ফার্নেস অয়েলের প্ল্যাটস রেটের গড় এবং ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে এপ্রিলের জন্য নতুন মূল্যহার সুপারিশ করা হয়।
পরে ৫ ও ১২ এপ্রিল বিশেষ সভায় ১ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত প্ল্যাটস রেটের গড় এবং ফেব্রুয়ারি মাসে আমদানিকৃত ক্রুড অয়েলের এফওবি মূল্যের ভিত্তিতে নতুন দাম নির্ধারণ করা হয়।
উল্লেখ্য, এর আগে প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ছিল ৭০ টাকা ১০ পয়সা। নতুন সিদ্ধান্তে এক লাফে বেড়েছে ২৪ টাকা ৫৯ পয়সা।

