travel agency
৬ নভেম্বরের মধ্যে ট্রাভেল এজেন্সিগুলোকে নিবন্ধনের নির্দেশ
নিবন্ধন ছাড়াই ব্যবসা পরিচালনাকারী ট্রাভেল এজেন্সিগুলোকে আগামী ৬ নভেম্বরের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন করার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মন্ত্রণালয়।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের অনেক ট্রাভেল এজেন্সি অনুমোদন বা নিবন্ধন সনদ ছাড়াই ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এতে আকাশপথে পরিবহন সংক্রান্ত অর্থ আত্মসাৎ, দুর্নীতি ও প্রতারণার মতো অপরাধের ঘটনা বাড়ছে বলে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর আগে বিভিন্ন সময়ে অনিবন্ধিত ট্রাভেল এজেন্সিগুলোকে আইন অনুযায়ী নিবন্ধনের নির্দেশ দেওয়া হলেও তা যথাযথভাবে বাস্তবায়িত হয়নি।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩, এর সংশোধিত আইন ২০২১ এবং বিধিমালা ২০২২ অনুযায়ী নিবন্ধন সনদ ছাড়া কিংবা মেয়াদোত্তীর্ণ সনদ নবায়ন না করে ব্যবসা পরিচালনা করা গুরুতর আইন লঙ্ঘন ও অপরাধ।
এ অবস্থায়, সকল অনিবন্ধিত ট্রাভেল এজেন্সিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অনলাইন ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেমের (www.regtravelagency.gov.bd) মাধ্যমে নিবন্ধনের আবেদন করতে বলা হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ৬ নভেম্বরের পর নিবন্ধন ছাড়া কোনো ট্রাভেল এজেন্সি ব্যবসা চালালে সংশ্লিষ্ট আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

