ভোজ্যতেলের দাম
দেশে আবারও বেড়েছে ভোজ্যতেলের দাম
দেশের বাজারে আবারও বেড়েছে ভোজ্যতেলের দাম। বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটারে ৬ টাকা, খোলা সয়াবিন তেলের প্রতি লিটারে ৮ টাকা এবং খোলা পাম তেলের লিটারে ১৩ টাকা করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিভিওআরবিএমএ)। সংগঠনটি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন দাম ১৪ অক্টোবর, মঙ্গলবার থেকে কার্যকর হবে। অর্থাৎ মঙ্গলবার থেকেই দেশের বাজারে নতুন দামে তেল বিক্রি শুরু হবে।
নতুন দরের তালিকা অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৯৫ টাকায়, যা আগে ছিল ১৮৯ টাকা। খোলা সয়াবিন তেলের দাম বেড়ে হয়েছে ১৭৭ টাকা, পূর্বে যা ছিল ১৬৯ টাকা। এছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়ে হয়েছে ৯৪৫ টাকা, যা এতদিন বিক্রি হচ্ছিল ৯২০ টাকায়।
অপরদিকে, খোলা পাম তেলের দাম বেড়ে হয়েছে প্রতি লিটারে ১৬৩ টাকা, যা পূর্বে ছিল ১৫০ টাকা। অর্থাৎ প্রতি লিটারে ১৩ টাকার বৃদ্ধি করা হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনায় নিয়ে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সংগঠনটির দাবি, আন্তর্জাতিক বাজারে গত কয়েক মাস ধরে ভোজ্যতেলের দাম বাড়লেও দেশে তা পুরোপুরি প্রতিফলিত হয়নি। ফলে উৎপাদনকারী ও আমদানিকারক কোম্পানিগুলো ক্ষতির মুখে পড়েছিল।
একই সঙ্গে তারা জানিয়েছে, নতুন দাম নির্ধারণের সময় সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদনের পরই এই দাম বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, তেলের দাম বৃদ্ধির এই সিদ্ধান্ত সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি চাপ ফেলবে। গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক বাজারের অজুহাতে দেশে একাধিকবার ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে

