Cox's_Bazar_Airport
আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা পেল কক্সবাজার
দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা পেল পর্যটন নগরী কক্সবাজার বিমানবন্দর। রোববার সরকারের এক প্রজ্ঞাপনে বিমানবন্দরটিকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক হিসেবে ঘোষণা করা হয়েছে।
এর ফলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পর এবার কক্সবাজার যুক্ত হলো দেশের আন্তর্জাতিক বিমানবন্দরের তালিকায়।
সরকারের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, “দ্য সিভিল অ্যাভিয়েশন রুলস, ১৯৮৪” অনুযায়ী সরকার জনস্বার্থে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা দিয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।
পর্যটননির্ভর কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্যে পরিণত করতে আওয়ামী লীগ সরকারের সময় ২০২১ সালে বিমানবন্দর উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়। প্রকল্পের আওতায় বিমানবন্দরের রানওয়ে ৬ হাজার ৭৭৫ ফুট থেকে বাড়িয়ে ৯ হাজার ফুট করা হয়েছে, যাতে বড় আকারের আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন করতে পারে।
সরকার পরিবর্তনের পর কিছু উন্নয়ন প্রকল্পে অনিশ্চয়তা দেখা দিলেও কক্সবাজার বিমানবন্দরের কাজ থেমে থাকেনি। গত মার্চে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নিজে নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন। এরপর বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মকর্তারাও কয়েক দফা কাজের অগ্রগতি দেখতে সেখানে যান।
সরকার বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে দ্রুত পদক্ষেপ নিলেও এখান থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। বেসরকারি বিমান সংস্থাগুলো এখনই কক্সবাজার থেকে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট চালানোর পরিকল্পনা করছে না।
এয়ারলাইন্সগুলোর দাবি, কক্সবাজার থেকে মধ্যপ্রাচ্য বা ইউরোপের গন্তব্যে সরাসরি

