Taj_Mahal
ভারত ভ্রমণে আবারও শীর্ষ তালিকায় বাংলাদেশীরা
ভারত ভ্রমণে বাংলাদেশীরা আবারও শীর্ষ তালিকায় জায়গা করে নিয়েছে। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের এপ্রিল মাসে দেশটিতে যাওয়া বিদেশী পর্যটকদের মধ্যে বাংলাদেশ পঞ্চম স্থানে রয়েছে। ওই মাসে প্রায় ২৯ হাজার বাংলাদেশী ভারতে গিয়েছেন।
গত বছরের আগস্টে রাজনৈতিক অস্থিরতা ও ভিসা সীমিত হয়ে পড়ায় তালিকা থেকে ছিটকে পড়েছিল বাংলাদেশ। তবে পরিস্থিতির উন্নতির ফলে আবারও এ তালিকায় ফিরেছে দেশটি। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের তথ্য বলছে, বর্তমানে প্রতিদিন দেড় থেকে দুই হাজার ভিসা ইস্যু করা হচ্ছে। যদিও সবচেয়ে চাহিদাসম্পন্ন ট্যুরিস্ট ভিসা এখনো বন্ধ রয়েছে।
অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) মহাসচিব আফসিয়া জান্নাত বণিক বলেন, “ভারত বর্তমানে মেডিকেল ভিসাকেই অগ্রাধিকার দিচ্ছে। সীমিত পরিসরে বিজনেস ভিসা ইস্যু করা হচ্ছে। তবে ট্যুরিস্ট ভিসা চালু না হলে বাংলাদেশী পর্যটকের সংখ্যা আগের মতো বাড়বে না।”
বর্তমানে কলকাতা, চেন্নাই ও ব্যাঙ্গালুরুর মতো শহরে চিকিৎসার জন্য প্রতিদিন শত শত বাংলাদেশী যাচ্ছেন। পাশাপাশি ব্যবসা, শিক্ষা ও জরুরি প্রয়োজনে ভিসা আবেদনের ক্ষেত্রেও অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
ভারতের পর্যটন মন্ত্রণালয়ের হিসাব বলছে, ২০২৩ সালে দেশটিতে বিদেশী পর্যটক এসেছিলেন ৯৫ লাখের বেশি। এর মধ্যে বাংলাদেশীদের সংখ্যা ছিল ২১ লাখ ২০ হাজার, যা ওই বছর সর্বাধিক। তবে ২০২৪ সালের আগস্টের পর থেকে ভিসা সংকট তৈরি হলে ভ্রমণকারীর সংখ্যা কমতে শুরু করে।
চলতি বছরের এপ্রিল মাসে ভারতে গেছেন মোট ৬ লাখ ২৬ হাজার বিদেশী। এর মধ্যে সবচেয়ে বেশি ছিলেন যুক্তরাষ্ট্রের নাগরিক (১৬.৩ শতাংশ), এরপর যুক্তরাজ্য (১৩.৫ শতাংশ), অস্ট্রেলিয়া (৬.১ শতাংশ), কানাডা (৪.৮ শতাংশ) এবং বাংলাদেশ (৪.৬ শতাংশ)।
ভিসা সংকটের বাস্তবতা
বর্তমানে বাংলাদেশীদের জন্য ১৪ ধরনের ভিসা অনুমোদিত থাকলেও ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় প

