ছবি: সংগৃহীত
চীনের স্মার্টফোন বাজারে ফের আধিপত্য প্রতিষ্ঠা করেছে দেশটির প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে। অন্যদিকে, দীর্ঘদিনের প্রতিযোগী অ্যাপলও দেশটিতে ঘুরে দাঁড়াচ্ছে।
চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে হুয়াওয়ে ১ কোটি ২২ লাখ স্মার্টফোন বাজারজাত করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫ শতাংশ বেশি। বাজারে সরবরাহ বাড়ার ফলে হুয়াওয়ের বাজার শেয়ার বেড়ে দাঁড়িয়েছে ১৮ শতাংশে। ২০২৪ সালের প্রথম প্রান্তিকের পর এই প্রথম প্রতিষ্ঠানটি আবার চীনা বাজারে শীর্ষস্থানে ফিরে এসেছে।
অন্যদিকে, একই সময়ে অ্যাপল চীনে বাজারজাত করেছে ১ কোটি ১ লাখ স্মার্টফোন, যা আগের বছরের তুলনায় ৪ শতাংশ বেশি। বর্তমানে অ্যাপল দেশটির বাজারে পঞ্চম স্থানে রয়েছে বলে জানায় মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।
প্রবৃদ্ধির পথে ফিরছে অ্যাপল
প্রযুক্তি বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ক্যানালিস জানিয়েছে, ২০২৩ সালের শেষ প্রান্তিকের পর এই প্রথম চীনে অ্যাপলের প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।
চীনে অ্যাপলের এই উত্থান এমন এক সময়ে ঘটল, যখন সংস্থাটি চলতি সপ্তাহেই তাদের ত্রৈমাসিক আয় প্রকাশ করতে যাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, চীনের বাজারে অ্যাপলের পারফরম্যান্স বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে।
চীনে অ্যাপল এখন স্থানীয় প্রতিদ্বন্দ্বী হুয়াওয়ে ও শাওমির তীব্র প্রতিযোগিতা এবং মার্কিন-চীন ভূরাজনৈতিক চাপের মুখে পড়েছে। বিশেষ করে ২০২৩ সালের শেষ দিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে হুয়াওয়ের স্মার্টফোন ব্যবসায় বড় ধাক্কা লাগলেও, প্রতিষ্ঠানটি দ্রুত ঘুরে দাঁড়ায়। সেই উত্থানই অ্যাপলের বাজার শেয়ারে নেতিবাচক প্রভাব ফেলে।
কৌশলে বাজার ধরার চেষ্টা
তবে চীনে পুনরায় প্রবৃদ্ধি অ্যাপলের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে। ক্যানালিসের বিশ্লেষণে বলা হয়েছে, আইফোন ১৬ সিরিজের দাম কমানো, বড় ডিসকাউন্ট অফার এবং ট্রেড-ইন মূল্যে ছাড় অ্যাপলের বিক্রি বাড়াতে সাহায্য করেছে। বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে বড় ধরনের ছাড়ের পাশাপাশি অ্যাপল নিজেও পুরোনো ফোন বদলে নতুন ফোন কেনার ক্ষেত্রে গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা রেখেছেà

