ছবি: সংগৃহীত
রাজনৈতিক প্রেক্ষাপটের প্রভাব স্পষ্ট, যুক্তরাষ্ট্রে ব্যয় এখনও সর্বোচ্চ
বিদেশে বাংলাদেশি নাগরিকদের ক্রেডিট কার্ড ব্যবহারে বড় ধরনের পরিবর্তন এসেছে। ভারত, যা এতদিন ধরে সর্বোচ্চ লেনদেনকারী দেশের তালিকায় ছিল, সেটি এখন নেমে এসেছে সপ্তম স্থানে। অন্যদিকে চীনে বাংলাদেশিদের কার্ড লেনদেন বেড়েছে কয়েক গুণ। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক হালনাগাদ পরিসংখ্যানে এমন চিত্র উঠে এসেছে।
২০২৫ সালের মে মাসে ভারতে বাংলাদেশি কার্ডধারীরা লেনদেন করেছেন মাত্র ২১ কোটি টাকার মতো। এক বছর আগে, ২০২৪ সালের মে মাসে এই অঙ্ক ছিল ৭৬ কোটি ৫ লাখ টাকা—অর্থাৎ, মাত্র এক বছরে কমেছে প্রায় ৫৫ কোটি টাকা। এমনকি চলতি বছরের এপ্রিল মাসেও ভারতে লেনদেন ছিল ৩১ কোটি টাকা, যা পরের মাসে আরও ১০ কোটি কমেছে।
বিশ্লেষকদের মতে, এই পতনের অন্যতম প্রধান কারণ রাজনৈতিক পরিবর্তন। গত বছরের ৫ আগস্ট ঘটে যাওয়া ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারায় আওয়ামী লীগ সরকার। এরপর ভারতের পক্ষ থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পেতে কড়াকড়ি আরোপ করা হয়। এর ফলে ভারতে ভ্রমণ এবং কেনাকাটার পরিমাণ কমে গেছে।
চীনে লেনদেন বেড়েছে চার গুণের বেশি
অন্যদিকে চীনে বাংলাদেশি কার্ডধারীদের ব্যয় বেড়েছে নজরকাড়া হারে। মে মাসে চীনে লেনদেন হয়েছে ৪০ কোটি ৪ লাখ টাকা, যেখানে এপ্রিল মাসে এই অঙ্ক ছিল মাত্র ১১ কোটি ৩ লাখ। অর্থাৎ, এক মাসে লেনদেন বেড়েছে প্রায় ২৯ কোটি টাকা। উল্লেখযোগ্য বিষয় হলো, গত বছরের মে মাসে চীন শীর্ষ ১০ লেনদেনকারী দেশের তালিকাতেও ছিল না। এবারই প্রথম দেশটি দ্বিতীয় স্থানে উঠে এসেছে।
সর্বোচ্চ ব্যয় যুক্তরাষ্ট্রে
২০২৫ সালের মে মাসে বিদেশে বাংলাদেশিদের মোট ক্রেডিট কার্ড লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৮৬ কোটি ৫ লাখ টাকা। যা আগের মাস এপ্রিলের তুলনায় ৮১ কোটি এবং গত বছরের একই সময়ের তুলনায় ৭০ কোটি টাকা কম। সবচেয়ে বেশি খরচ হয়েছে যুক্তরাষ্ট্রে—৫৩ কোটি ৫ লাখ টাকা। এরপর রয়েছে চীন (৪০ কোটি), থাইল্যান্ড (৩৫ কোটি), যুক্তরাজ্য (৩৪ কোটি), সিঙ্গাপুর (৩২ কোটি), মালয়েশিয়া (২৪ কোটি), নেদারল্যান্ড ও সৌদি আরব (১৭ কোটি করে), কানাডা (১৬ কোটি), ইউএই (১৩ কোটি) এবং অস্ট্রেলিয়া (১২ কোটি টাকা)। অন্যান্য দেশে খরচ হয়েছে

