ছবি: সংগৃহীত
এমএলএসে ইতিহাস গড়ে আরও এক ধাপ এগোলেন আর্জেন্টাইন মহাতারকা
ক্লাব বিশ্বকাপ থেকে ফেরার পর থেকেই দুর্দান্ত ছন্দে আছেন লিওনেল মেসি। মাঠে নামলেই যেন গোল উৎসব। মেজর লিগ সকারে (এমএলএস) ন্যাশভিলের বিপক্ষেও তার সেই ধারাবাহিকতা অব্যাহত থাকলো। জোড়া গোল করে দলকে এনে দিলেন মূল্যবান জয়, ২-১ ব্যবধানে হারিয়ে দিলেন প্রতিপক্ষকে।
চার দিন আগেই এমএলএসে টানা চার ম্যাচে একাধিক গোল করার নজির গড়েছিলেন মেসি। এবার পঞ্চম ম্যাচেও জোড়া গোল করে সেই রেকর্ডে যুক্ত করলেন আরেকটি অধ্যায়। তিনি হয়ে উঠেছেন এমএলএস ইতিহাসের প্রথম খেলোয়াড়, যিনি টানা পাঁচ ম্যাচে একাধিক গোল করলেন।
মেসির ম্যাজিক, আবারও
ম্যাচের ১৭তম মিনিটেই দেখা মেলে মেসির প্রথম জাদু। ফ্রি কিক থেকে নিচু শটে মানবদেয়ালকে ফাঁকি দিয়ে বল পাঠান জালে। গোলরক্ষক জো উইলিস ছিলেন সম্পূর্ণ বেকায়দায়। এভাবেই গোলের খাতা খোলেন মেসি।
প্রথমার্ধজুড়ে মাঠে আধিপত্য ছিল ইন্টার মিয়ামির। তবে দ্বিতীয়ার্ধ শুরু হতেই ম্যাচে ফেরে ন্যাশভিল। ৪৯তম মিনিটে হেড থেকে সমতায় ফেরান হানি মুখতার। কিন্তু ৬২তম মিনিটে আবারও মেসির দৃশ্যপটে আবির্ভাব। উইলিসের এক গুরুতর ভুলে বল পান মেসি, আর সহজেই গোল করে দলকে ফের এগিয়ে দেন। শেষ পর্যন্ত সেই গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে।
গোলের হিসেবে সমতায় মেসি
এই জোড়া গোলের মাধ্যমে চলতি মৌসুমে ১৬ ম্যাচে মেসির গোলসংখ্যা দাঁড়াল ১৬। এই তালিকায় তার সঙ্গে শীর্ষে আছেন ন্যাশভিলের স্যাম সুরিজও, যিনি এই ম্যাচে গোল করতে ব্যর্থ হন।
পয়েন্ট তালিকায় মিয়ামির অগ্রগতি
ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে পিএসজির কাছে হেরে বিদায় নিয়েছিল ইন্টার মিয়ামি। সেখান থেকে ফিরে এসে এমএলএসে এটি ছিল তাদের তৃতীয় ম্যাচ। জয়টি বড়ই গুরুত্বপূর্ণ। এই জয়ে ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের চতুর্থ স্থানে উঠে এসেছে মিয়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার থেকে তাদের পিছিয়ে থাকা ৫ পয়েন্টের, তবে হাতে রয়েছে তিনটি ম্যাচ।
মেসির এমন পারফরম্যান্স চলতে থাকলে এবারের এমএলএস শিরোপার অন্যতম দাবিদার হয়ে উঠতে পারে ইন্টার মিয়ামি।

