ছবি: সংগৃহীত
সব কাস্টম হাউসে ৭ জুলাই থেকে কার্যকর, বাড়বে স্বচ্ছতা ও গতি
আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট শুল্ক ও কর অনলাইনে সরাসরি সরকারি কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শনিবার (৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর এ তথ্য জানায়।
নতুন অর্থবছরের শুরুতেই চালু হওয়া এ উদ্যোগের ফলে এখন থেকে আমদানিকারক, রপ্তানিকারক ও তাদের মনোনীত সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এজেন্টরা ঘরে বসে ২৪ ঘণ্টা যেকোনো স্থান থেকে ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ, উপায়, রকেট, এমক্যাশ, ট্রাস্টপে), ডেবিট/ক্রেডিট কার্ড কিংবা দেশের ৬১টি ব্যাংকের ১১ হাজার ৭০০টি শাখা থেকে অ্যাকাউন্ট ডেবিট বা চেক ক্লিয়ারিংয়ের মাধ্যমে কাস্টমস শুল্ক-কর পরিশোধ করতে পারবেন। পরিশোধ শেষে সিস্টেম-জেনারেটেড রসিদ নম্বর দিয়ে সহজেই পণ্য খালাস নেওয়া যাবে।
সরকারের অর্থ বিভাগের তত্ত্বাবধানে ‘এ চালান’ নামক এই ওয়েবভিত্তিক সিস্টেমের মাধ্যমে এনবিআরের কাস্টমস সফটওয়্যার অ্যাসিকুডা ওয়ার্ল্ড এবং অর্থ বিভাগের আইবিএএস++ প্ল্যাটফর্মের মধ্যে প্রযুক্তিগত সংযুক্তি (ইন্টিগ্রেশন) সম্পন্ন হয়েছে। ফলে অফলাইন ও অনলাইন—দুই মাধ্যমেই অর্থ লেনদেনের সুযোগ থাকছে। আর এই অর্থ তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা হবে, যা সরকারের তাৎক্ষণিক ব্যয় সক্ষমতাও বৃদ্ধি করবে।
এর আগে আরটিজিএস পদ্ধতিতে দিনের নির্দিষ্ট সময়ে শুল্ক-কর পরিশোধের পর তা কোষাগারে পৌঁছাতে কয়েক দিন সময় লেগে যেত। এতে অর্থ ব্যবস্থাপনায় জটিলতা দেখা দিত। নতুন এ চালান ব্যবস্থায় সে বিলম্ব দূর হয়ে এখন পণ্য খালাসের গতি বহুগুণে বাড়বে।
এনবিআর জানিয়েছে, ২৩ এপ্রিল কমলাপুর আইসিডি কাস্টমস হাউসে পরীক্ষামূলকভাবে এ চালান পদ্ধতি চালু হয়। পরে পানগাঁও কাস্টম হাউসে এর সম্প্রসারণ ঘটে। সর্বশেষ ৩ জুলাই থেকে চট্টগ্রাম কাস্টম হাউসে আনুষ্ঠানিকভাবে এ পদ্ধতি কার্যকর হয়। সেখানে উদ্বোধনী দিনে ৭৫টি বিল অব এন্ট্রির বিপরীতে ১৩ কোটি টাকার বেশি রাজস্ব সরাসরি কোষাগারে জমা পড়ে।
জাতীয় রাজস্ব বোর্ড জানায়, আগামী ৭ জুলাই থেকে ঢাকা কাস্টম হà¦

