ছবি: সংগৃহীত
বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হয়েছে প্রায় আড়াই মাস আগে। কিন্তু আগস্টে অনুষ্ঠেয় এই সিরিজ নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। ভারতের জাতীয় দলের বাংলাদেশ সফর নির্ভর করছে দেশটির সরকারের চূড়ান্ত অনুমতির ওপর—জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
সোমবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি পরিচালনা পর্ষদের দীর্ঘ ছয় ঘণ্টার সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান বোর্ড সভাপতি। তিনি বলেন, “বিসিসিআইয়ের (ভারতীয় ক্রিকেট বোর্ড) সঙ্গে আমাদের আলোচনা চলছে। ইতিবাচকই চলছে। খুব শিগগির জানাতে পারব কী হচ্ছে।”
আইসিসির ভবিষ্যৎ সফর সূচির (এফটিপি) অংশ হিসেবে ভারতের জাতীয় দল ১৩ আগস্ট বাংলাদেশে আসার কথা। নির্ধারিত সূচি অনুযায়ী ১৭ আগস্ট শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, একই সফরে রয়েছে তিনটি টি-টোয়েন্টি ম্যাচও।
তবে বিসিবি সভাপতির কথায় স্পষ্ট—পরিস্থিতি এখনো চূড়ান্ত নয়। রাজনৈতিক অস্থিরতা ও অন্যান্য বিষয়ে ভারতের সংশয় থাকতে পারে বলেই ধারণা করা হচ্ছে। যদিও বিসিবি প্রধান এ বিষয়ে সরাসরি কিছু বলেননি, তবে ইঙ্গিত দিয়েছেন সম্ভাব্য বিকল্প পরিকল্পনার কথা।
“আগস্ট বা সেপ্টেম্বর—কোনো নির্দিষ্ট সময় নয়,” বলেন আমিনুল। “আলোচনা চলছে, কীভাবে সিরিজটি আয়োজন করা যায়। যদি কোনো কারণে তারা এখনই আসতে না পারে, তবে ভবিষ্যতে অন্য কোনো উইন্ডোতে সিরিজটি আয়োজন করা হতে পারে।”
তিনি আরও বলেন, “ভারতের তরফ থেকে সিরিজ পিছিয়ে দেওয়ার কোনো প্রস্তাব আসেনি। আমরা অগাস্টের উইন্ডো খালি রেখেছি এবং ওই সময়েই সিরিজ আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করছি।”
বিসিবি সভাপতির বক্তব্য অনুযায়ী, সফরের বিষয়ে এখন মূলত ভারতের সরকারের অনুমতির অপেক্ষায় বিসিসিআই। বর্তমান পরিস্থিতিতে তাদের জাতীয় দল ইংল্যান্ডে অবস্থান করছে, অন্যদিকে ভারতের অনূর্ধ্ব-২৩ দলের শ্রীলঙ্কা সফর স্থগিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, ভারতের জাতীয় দল দীর্ঘদিন ধরে রাজনৈতিক কারণে পাকিস্তান সফর করে না। সে রকম কোনো পরিস্থিতি বাংলাদেশে না থাকলেও, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের কারণে উদ্বেগ থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সবশেষে বিসিবি প্রধান বলেন, “আমরা আশাবাদী। ভারতের দল পেশাদার এবং সহযোগিতাপূর্ণ মনোভাব রাখে। আলোচ

