ছবি: সংগৃহীত
কুষ্টিয়ায় এক পুলিশ সদস্যের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। ‘জুলাই’ নিয়ে আপত্তিকর মন্তব্য করার প্রতিবাদে মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ৯টা থেকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পুলিশের কঠোর ব্যবস্থার দাবি জানিয়ে তারা বলেন, অভিযুক্ত পুলিশ সদস্যকে গ্রেপ্তার না করা পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।
ঘটনাস্থলে থাকা কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশাররফ হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে এবং আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, বিক্ষোভকারীরা কুষ্টিয়া পুলিশ লাইনসের সামনে টায়ার জ্বালিয়ে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন। এতে সড়কের উভয় পাশে বাস, ট্রাকসহ সব ধরনের যানবাহন আটকে পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া শাখার সদস্যসচিব মোস্তাফিজুর রহমান জানান, কুষ্টিয়া ট্রাফিক পুলিশের সদস্য ফারজুল ইসলাম তার ফেসবুক আইডিতে ‘জুলাই’ নিয়ে আপত্তিকর শব্দ ব্যবহার করে পোস্ট করেন। তিনি বলেন, “গত বছর এই জুলাইয়ে কুষ্টিয়ায় পুলিশ গুলি চালিয়ে ছাত্র-জনতাকে হত্যা করেছিল। এবার আবার সেই জুলাই নিয়ে অবমাননাকর কথা লিখেছে পুলিশ। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। তাকে গ্রেপ্তার করতেই হবে।”
এদিকে রাত ১০টার দিকে জেলা পুলিশ ফেসবুক পেজে একটি বিবৃতি প্রকাশ করে জানায়, স্ট্যাটাসের ঘটনায় কনস্টেবল ফারজুল ইসলামের ছুটি বাতিল করে তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
পুলিশ জানায়, কুষ্টিয়াসহ পুলিশের সব ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে যেন কেউ ‘জুলাই অভ্যুত্থানবিরোধী বা রাষ্ট্রবিরোধী’ কোনো মন্তব্য ফেসবুকে পোস্ট না করেন। নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
তবে রাতেই অভিযুক্ত পুলিশ সদস্য ফারজুল ইসলাম তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে দাবি করেন, তার ফেসবুক আইডিটি সকাল থেকে হ্যাকড ছিল। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করেন।

