ছবি: সংগৃহীত
হেডিংলিতে ভারতের বিপক্ষে চতুর্থ ইনিংসে ৩৭১ রানের বিশাল লক্ষ্য তাড়ায় দুর্দান্ত জয় তুলে নিল ইংল্যান্ড। বেন ডাকেটের ঝকঝকে সেঞ্চুরি ও জো রুটের দৃঢ় ইনিংসে ভর করে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে ১-০ তে এগিয়ে গেল বেন স্টোকসের দল।
মঙ্গলবার (২৫ জুন) টেস্টের শেষ দিনে ৫ উইকেটে জয় পায় স্বাগতিক ইংলিশরা। এর মধ্য দিয়ে শুরু হলো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ইংল্যান্ডের যাত্রা।
শেষ দিনে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৫০ রান, ভারতের ১০ উইকেট। বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি দুই দলের জন্যই খুলে ছিল জয়ের দুয়ার। কিন্তু চতুর্থ ইনিংসে দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ নিজেদের করে নেয় ইংল্যান্ড।
ওপেনার বেন ডাকেট করেন ১৪৯ রান, যা ইংল্যান্ডের হয়ে গত ১৫ বছরে চতুর্থ ইনিংসে কোনো ওপেনারের প্রথম সেঞ্চুরি। সর্বশেষ এই কীর্তি ছিল অ্যালেস্টার কুকের, ২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে।
৯৯ বলে পঞ্চাশ ছোঁয়ার পর আরও আগ্রাসী হয়ে ১২১ বলে সেঞ্চুরি করেন ডাকেট। তার ইনিংসে ছিল ২১টি চার ও একটি ছক্কা।
তার সঙ্গী জ্যাক ক্রলি ১২৬ বলে করেন ৬৫ রান। দুই ওপেনারের উদ্বোধনী জুটিতে আসে ১৮৮ রান। এরপর প্রাসিধ কৃষ্ণা এবং শার্দুল ঠাকুর দ্রুত উইকেট নিয়ে ভারতকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দিলেও শেষরক্ষা হয়নি।
জো রুট ৮৪ বলে ৫৩ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। উইকেটরক্ষক জেমি স্মিথ খেলেন ৫৫ বলে ৪৪ রানের কার্যকর ইনিংস। শেষ ছক্কা হাঁকিয়ে তিনিই জয় নিশ্চিত করেন ইংল্যান্ডের।
প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া জাসপ্রিত বুমরাহ এবার ছিলেন উইকেটশূন্য। উইকেট না পান মোহাম্মদ সিরাজও। দুটি করে উইকেট নেন ঠাকুর ও কৃষ্ণা।
এর ফলে টেস্ট ইতিহাসে সাড়ে তিনশ রানের বেশি লক্ষ্য দিয়ে মাত্র দ্বিতীয়বার হারের মুখ দেখল ভারত। আগেরটিও ছিল ইংল্যান্ডের বিপক্ষে, ২০২২ সালে এজবাস্টনে ৩৭৮ রান তাড়া করে ৭ উইকেটে জিতেছিল ইংলিশরা।
সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ২ জুলাই বার্মিংহ্যামে।
সংক্ষিপ্ত স্কোর
ভারত ১ম ইনিংস: ৪৭১
ইংল্যান্ড ১ম ইনিংস: ৪৬৫
ভারত ২য় ইনিংস: ৩৬৪
ইংল্যান্ড ২য় ইনিংস (লক্ষ্য ৩৭১): ৩৭৫/৫ (৮২ ওভার)
ফল: ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী
সিরিজ: ইংল্যান্à¦

