ছবি: সংগৃহীত
গায়ানার গ্লোবার সুপার লিগ (জিএসএল) টি-টোয়েন্টির দ্বিতীয় আসরে শিরোপা ধরে রাখার লক্ষ্যে নতুন চমক নিয়ে মাঠে নামছে রংপুর রাইডার্স। তবে গত আসরের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে এবার পাচ্ছে না দলটি।
নতুন মৌসুমে রংপুর দলে যুক্ত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইল মেয়ার্স ও দক্ষিণ আফ্রিকার স্পিনার তাব্রেইজ শামসি। এছাড়া আছেন পাকিস্তানের ইফতিখার আহমেদ, আকিফ জাভেদ, খাওয়াজা নাফে, আফগানিস্তানের ইব্রাহিম জাদরান ও যুক্তরাষ্ট্রের হার্মিত সিং। বিদেশি ক্রিকেটারদের দিক থেকে দলটি এবার আরও শক্তিশালী।
দলের নেতৃত্বে থাকছেন আগের মতোই নুরুল হাসান সোহান। দলে রয়েছেন গত আসরের টুর্নামেন্ট-সেরা সৌম্য সরকারও। তবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সিরিজ চলায় এবার থাকছেন না শেখ মেহেদি হাসান ও রিশাদ হোসেন।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে অতিথি হিসেবে এবার দলে যুক্ত হয়েছেন মোহাম্মদ নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, আবু হায়দার রনি ও ইয়াসির আলি চৌধুরি। তবে স্কোয়াড থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন ও আরাফাত সানি।
আগামী ১০ থেকে ১৮ জুলাই গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জিএসএলের দ্বিতীয় আসর। পাঁচ দলের এই আসরে আরও অংশ নিচ্ছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, হোবার্ট হারিকেন্স, সেন্ট্রাল স্ট্র্যাগস ও দুবাই ক্যাপিটালস।
উল্লেখ্য, গত আসরে প্রথম দুই ম্যাচ হেরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর রাইডার্স।
রংপুর রাইডার্স স্কোয়াড:
নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, সাইফ হাসান, আবু হায়দার রনি, রকিবুল হাসান, ইয়াসির আলি চৌধুরি, কাইল মেয়ার্স, তাব্রেইজ শামসি, ইব্রাহিম জাদরান, ইফতিখার আহমেদ, আকিফ জাভেদ, হার্মিত সিং, খাওয়াজা নাফে।

