ছবি: সংগৃহীত
দেশে করোনাভাইরাস ও ডেঙ্গুর সংক্রমণ হার বৃদ্ধি পাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষাকেন্দ্রে স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করতে সাতটি জরুরি নির্দেশনা জারি করেছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি রোববার (১৬ জুন) প্রকাশ করা হয়। এতে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশনাগুলো কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
নির্দেশনাগুলো হলো:
১. পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে।
২. প্রতিটি কেন্দ্রে প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে।
৩. ডেঙ্গুর বিস্তার ঠেকাতে পরীক্ষাকেন্দ্র ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
৪. পরীক্ষা শুরুর আগে মশা নিধনের ওষুধ স্প্রে করতে হবে এবং এজন্য স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিতে হবে।
৫. পরীক্ষাকক্ষে আসনবিন্যাস অবশ্যই বোর্ডের নির্দেশনা অনুযায়ী করতে হবে।
৬. প্রতিটি কেন্দ্রে মেডিকেল টিমকে সক্রিয় রাখতে হবে এবং সিভিল সার্জন বা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখতে হবে।
৭. জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্যবিধি মানার প্রচারণা চালাতে হবে এবং পরীক্ষাকেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় এড়াতে পদক্ষেপ নিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে।

