ছবি: সংগৃহীত
ঈদের ছুটির সময় রংপুর নগরীর সাতগাড়া এলাকায় অবস্থিত শিশু ভুবন কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুল দখলের অভিযোগ উঠেছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুলের বিদ্যুৎ ও পানির সংযোগ, খুলে নেওয়া হয়েছে শ্রেণিকক্ষের ফ্যান এবং ভেঙে ফেলা হয়েছে বিদ্যালয়ের একটি অংশের দেয়াল।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বুধবার স্কুলের সামনে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষক ও অভিভাবকরাও অংশ নেন।
বিদ্যালয়ের অধ্যক্ষ ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মিয়া বলেন, জমির মালিকদের সঙ্গে অংশীদারিত্বের বিরোধ থেকে একটি মহল শ্রেণিকক্ষগুলো তালাবদ্ধ করে দিয়েছে। ঈদের ছুটির পর স্কুল খুলে দেখা যায় পাঁচটি শ্রেণিকক্ষে তালা ঝুলছে, বন্ধ রয়েছে বিদ্যুৎ ও পানির সংযোগ। তিনি বলেন, “এই অবস্থায় শ্রেণিকক্ষে পাঠদান কার্যত অসম্ভব হয়ে পড়েছে।”
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের চোখেমুখে ছিল হতাশা। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সুবাহ বিনতে শহীদ বলেন, “স্কুলে ফ্যান, লাইট নেই। ওয়াশরুমেও যেতে পারছি না। এতে পড়াশোনায় অনেক ক্ষতি হচ্ছে।” তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার সিমা বলেন, “কিছু ক্লাসরুম ভেঙে ফেলা হয়েছে। আমাদের স্কুল দখল করা হচ্ছে। আমরা আমাদের স্কুল ফেরত চাই।”
এক অভিভাবক হোসনে আরা বলেন, “আমার দুই সন্তান এই স্কুল থেকে পাশ করেছে। এখন তারা ভালো জায়গায় পড়ছে। এই স্কুলের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাচ্ছে—এটা মেনে নেওয়া যায় না।”
সহকারী শিক্ষিকা জেসিমা আক্তার মুক্তি মনি বলেন, “সিলেবাস অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়েছে। কিন্তু বছরের মাঝপথে এসে এই ধরনের দখল নিয়ে আমরা কোথায় যাব? বাচ্চারা কী করবে?” সহকারী শিক্ষক মুশফিকুল আরমাইন বলেন, “জমি মালিকদের মধ্যে বিরোধের কারণে আমরা বিপাকে পড়েছি। প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।”
জমির মালিক হিসেবে দাবি করা সাবেক ব্যাংক কর্মকর্তা রায়হান উদ্দিন বলেন, “২০০৯, ২০১২ ও ২০১৯ সালে তিন ধাপে আমি ও আমার স্ত্রী সাতগাড়া এলাকার ১৬ শতাংশ জমি কিনেছি। ২০১৮ সালে সেখানে পাকা ঘর নির্মাণ করে স্কুলের কার্যক্রম শুরু হয়। তবে ২০২৫ সালের এপ্রিল মাসে স্থানীয় স

