ছবি : সংগৃহীত
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন এবি ডি ভিলিয়ার্স ও বিরাট কোহলি। সেই বন্ধুত্ব এখনও অটুট। ২০১৬ সালে খুব কাছে গিয়েও আইপিএল শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তাদের। তবে এবারের আসরে ফের ফাইনালে জায়গা করে নিয়েছে বেঙ্গালুরু, আর সেই উপলক্ষে পুরনো সতীর্থ কোহলিকে বিশেষ বার্তা দিয়েছেন ডি ভিলিয়ার্স।
মঙ্গলবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল ২০২৫-এর শিরোপা নির্ধারণী ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে বেঙ্গালুরু। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
আইপিএলের ১৭ বছরের ইতিহাসে তিনবার ফাইনাল খেললেও শিরোপা অধরাই রয়ে গেছে বেঙ্গালুরুর জন্য। ২০১১ ও ২০১৬ সালে ফাইনাল হেরে হতাশা নিয়ে মাঠ ছাড়েন কোহলি ও ডি ভিলিয়ার্স। সেই আক্ষেপ এবার ঘোচানোর সুযোগ সামনে।
বর্তমানে ধারাভাষ্যকার ও বিশ্লেষকের ভূমিকায় থাকা ডি ভিলিয়ার্স স্টার স্পোর্টসের এক ভিডিও বার্তায় কোহলিকে উদ্দেশ করে বলেন, “ভিরাটের জন্য আমার বার্তা—মাঠে গিয়ে উপভোগ করো, আনন্দ করো। মুখে সবসময় হাসি ধরে রাখো। আমি তোমার খেলা দেখতে গ্যালারিতে থাকব। ওই ট্রফিটা এবার ঘরে নিয়ে আসো। প্রতিটি মুহূর্ত উপভোগ করো।”
আইপিএলের প্রথম আসর থেকেই অংশ নিয়ে আসা বেঙ্গালুরুর কোনো শিরোপা না থাকলেও, জনপ্রিয়তায় তারা বরাবরই শীর্ষে। এ বছরের আসরেও সেই চিত্রের ব্যতিক্রম হয়নি। মাঠে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরাট কোহলিদের জন্য অকুণ্ঠ সমর্থন জানিয়ে গেছেন ভক্তরা।
স্মরণীয় এক ফাইনালের প্রত্যাশায় তাদের প্রস্তুত থাকতে বললেন ডি ভিলিয়ার্সও। তিনি বলেন, “সমর্থকদের বলব, তৈরি হয়ে যান। দুর্দান্ত একটি ফাইনাল হতে চলেছে। অনেক দিন মনে রাখার মতো একটি ম্যাচ হতে চলেছে। নিশ্চিত থাকুন, ম্যাচের শেষ বল পর্যন্ত ছেলেরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়বে।”
বেঙ্গালুরুর ঘরে প্রথমবারের মতো আইপিএল ট্রফি ওঠে কি না, সেই উত্তরের অপেক্ষায় পুরো ক্রিকেটবিশ্ব।

