ছবি : সংগৃহীত
আসন্ন কোরবানিকে সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় প্রস্তুত করা হয়েছে ২৫ মণ ওজনের একটি বিশাল ষাঁড়, যার নাম ‘কালামানিক’। উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পিয়াজচর গ্রামে ‘ভাই ভাই ক্যাটল ফার্ম’-এ ষাঁড়টি লালন-পালন করছেন আক্কাস বেপারী ও তার ভাই রফিকুল বেপারী।
কালো রঙের এই হলস্টেইন ফ্রিজিয়ান (অস্ট্রেলিয়ান) জাতের ষাঁড়টির বয়স ৩০ মাস। আক্কাস বেপারী আদর করে ষাঁড়টির নাম রেখেছেন ‘কালামানিক’। তিনি জানান, গরুটিকে নিজের সন্তানের মতোই যত্ন করে বড় করেছেন। নিয়ম করে দিনে দুই থেকে তিনবার গোসল করানো হয়, এমনকি মাঝে মধ্যে শ্যাম্পু দিয়েও গোসল করানো হয়। ষাঁড়টির দাম হাঁকা হয়েছে ৯ লাখ টাকা।
খামার সূত্রে জানা গেছে, কালামানিককে লালন-পালনে কোনো প্রকার ভেজাল খাদ্য বা মোটাতাজাকরণ ওষুধ ব্যবহার করা হয়নি। খাদ্য তালিকায় রয়েছে খড়, ভূসি, তাজা ঘাস ও ভুট্টা। গরুটিকে ঠাণ্ডা রাখতে ফ্যানের বাতাসের ব্যবস্থা রাখা হয়েছে। এ কাজে দুই ভাইয়ের পাশাপাশি আরও দুইজন কর্মী নিয়মিত দায়িত্ব পালন করেন। ঘাস চাষের জন্য রয়েছে আলাদা জমিও।
আক্কাসের ছেলে ও ভেটেরিনারিয়ান রবিন বেপারী বলেন, “কালামানিক আমাদের খামারের সবচেয়ে বড় গরু। ৩০ মাস ধরে পরিবার ও খামারের কর্মীরা মিলে এটিকে ভালোবাসা দিয়ে বড় করেছেন। মোটাতাজাকরণ কোনো মেডিসিন ব্যবহার করা হয়নি।”
কালামানিক দেখতে প্রতিদিনই আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা ভিড় করছেন খামারের সামনে। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মাহাবালী বলেন, “আক্কাস ও রফিকুল বেপারীর খামারটি এখন মানুষের আগ্রহের কেন্দ্রে। আশা করছি তারা ভালো দাম পাবে।”
হরিরামপুর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বলেন, “উপজেলার অন্যতম বড় ষাঁড় এটি। ভাল দামে বিক্রি হলে খামারিরা লাভবান হবেন। আমরা নিয়মিত খামারিদের পরামর্শ দিয়ে পাশে আছি।”

