বিশ্ব ক্রিকেটে দুই বিস্ফোরক ব্যাটসম্যানের হঠাৎ বিদায়
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী কিপার-ব্যাটসম্যান হাইনরিখ ক্লাসেন এবং অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। সোমবার ভিন্ন ভিন্ন সময়ে দুজনেই ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেন। ক্লাসেন সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার কথা জানান, আর ম্যাক্সওয়েল বিদায় জানান কেবল ৫০ ওভারের সংস্করণ থেকে।
৩৩ বছর বয়সী ক্লাসেন এক বিবৃতিতে বলেন, “আমার জন্য এটা দুঃখের দিন, কারণ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতে আমার ও পরিবারের জন্য যা ভালো, সেই সিদ্ধান্ত নিতে সময় লেগেছে। সিদ্ধান্তটি কঠিন হলেও এখন আমি স্বস্তিতে আছি।”
২০২৪ সালের জানুয়ারিতে টেস্ট থেকে অবসর নেওয়ার পর ক্লাসেনকে দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতেও রাখা হয়নি, যা তার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা জাগিয়েছিল। সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচে তিনি অংশ নেন ২০২5 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে।
২০১৮ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেকের পর ক্লাসেন খেলেছেন ৬০টি ওয়ানডে— যেখানে ৪৩.৬৯ গড় ও ১১৭.০৫ স্ট্রাইক রেটে করেছেন ২২৪১ রান। রয়েছে চারটি সেঞ্চুরি ও ১১টি ফিফটি। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরিয়নে ১৭৪ রানের ইনিংস তার ক্যারিয়ারের সর্বোচ্চ।
টি-টোয়েন্টিতে ৫৮ ম্যাচে তার রান ১০০০, স্ট্রাইক রেট ১৪১.৮৪। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তিনি বেশ জনপ্রিয়। আইপিএলের ইতিহাসে ২৩ কোটি রুপিতে ধরে রাখা সবচেয়ে দামি ক্রিকেটারও তিনি, যদিও চলতি আসরে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি।
এদিন আরও এক চমকপ্রদ ঘোষণায় ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের কথা জানান অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। ‘ফাইনাল ওয়ার্ড পডকাস্ট’-এ তিনি বলেন, “২০২৭ বিশ্বকাপে খেলতে পারব না বলেই মনে হচ্ছে। এখন সময় হয়েছে নতুনদের জায়গা করে দেওয়ার।”
ম্যাক্সওয়েল ওয়ানডে খেলেছেন ১৪৯টি, করেছেন ৩৯৯০ রান। গড় ৩৩.৮১, স্ট্রাইক রেট ১২৬.৭০। এই স্ট্রাইক রেট ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ। চারটি সেঞ্চুরি ও ২৩টি ফিফটির পাশাপাশি বোলিংয়ে নিয়েছেন ৭৭টি উইকেট।
<
