দেশজুড়ে নিম্নচাপের প্রভাবে সৃষ্ট ঝড়-বৃষ্টি ও বিদ্যুৎবিভ্রাটে টেলিযোগাযোগ সেবায় বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে। মোবাইল অপারেটরদের বিভিন্ন টাওয়ার বা সাইট অচল হয়ে পড়ায় ব্যাহত হচ্ছে মোবাইল নেটওয়ার্ক।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব শুক্রবার নিজের ফেইসবুক পোস্টে জানান, সারাদেশে পাঁচ হাজারেরও বেশি মোবাইল টাওয়ার অচল হয়ে পড়েছে। তবে মোবাইল অপারেটরদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাস্তব সংখ্যাটি আরও বেশি—প্রায় ১৩ হাজার সাইট কার্যক্রম বন্ধ রয়েছে।
তাদের দেওয়া তথ্যে জানা গেছে, গ্রামীণফোনের ৪ হাজার ৪৭৪টি, বাংলালিংকের ৩ হাজার ২০টি এবং রবির ৫ হাজার ৫০০টি টাওয়ার সেবা প্রদান থেকে বিরত রয়েছে।
ফেইসবুক পোস্টে ফয়েজ আহমদ তৈয়্যব আরও জানান, নিম্নচাপজনিত ঝড়-জলোচ্ছ্বাস ও বিদ্যুৎহীনতার কারণে সারাদেশেই মোবাইল সেবায় বিঘ্ন দেখা দিয়েছে। টেলিযোগাযোগ নেটওয়ার্ক দ্রুত পুনরুদ্ধারে টেলিযোগাযোগ কর্মী এবং পল্লী বিদ্যুৎ কর্মীরা নিরলসভাবে কাজ করছেন।
তিনি জানান, দুর্যোগের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বরিশাল, দক্ষিণ সিলেট, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী এবং দক্ষিণ চট্টগ্রাম এলাকায়।
প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি স্বাভাবিক করতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

