ছবি: সংগৃহীত
বিনোদন অঙ্গনের বহু তারকার অংশগ্রহণে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি–২০২৫ নিয়ে উঠেছে অশ্লীলতার অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে টুর্নামেন্টের কয়েকজন মেন্টরের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
অভিযোগকারীদের দাবি, আসরে অংশ নেওয়া কিছু অভিনেত্রী অশালীন পোশাক পরে জনসম্মুখে নিজেদের “ফিগার প্রদর্শন” করেছেন, যা সমাজে নেতিবাচক বার্তা দিয়েছে। যেসব অভিনেত্রীকে নিয়ে সরাসরি অভিযোগ উঠেছে, তাদের মধ্যে রয়েছেন মারিয়া মিম, সিনথিয়া ইসলাম ও শাম্মি ইসলাম নীলা।
প্রসঙ্গত, গত ৫ মে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। পাঁচ দিনব্যাপী এই আসরের পর্দা নামে ১৩ মে, মঙ্গলবার।
টি-২০ ফরম্যাটে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল চারটি দল—গিগাবাইট টাইটানস, জেভিকো কিংস, নাইট রাইডার্স ও স্বপ্নধরা স্পারটানস।
চ্যাম্পিয়ন হয়েছে গিগাবাইট টাইটানস, যাদের দলে খেলেছেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ, চিত্রনায়িকা মৌসুমী হামিদ, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং পরীমণির সাবেক স্বামী শরিফুল রাজ।
পুরো টুর্নামেন্টজুড়ে বল ও ব্যাট হাতে মাঠ মাতিয়েছেন আরও বহু তারকা। অংশগ্রহণকারীদের তালিকায় ছিলেন—দীপা খন্দকার, সালহা খানম নাদিয়া, কেয়া পায়েল, তৌসিফ মাহবুব, ইরফান সাজ্জাদ, কর্নিয়া, আরেফিন রুমি, রাফসান সাবাব, সাঞ্জু জন, তানহা তাসনিয়া, তাসনুভা তিশা, সাজ্জাদ খান সান, আরিয়ানা জামান, সায়রা জাহান আক্তার, গোলাম কিবরিয়া তানভীর, সিনথিয়া ও আলিশা প্রমুখ।
তবে অনুষ্ঠান ঘিরে উৎসবমুখর পরিবেশ থাকলেও অশ্লীলতার অভিযোগের কারণে পুরো আয়োজন বিতর্কের মুখে পড়েছে। লিগ্যাল নোটিশের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে আলোচনা চলছে সাংস্কৃতিক অঙ্গনজুড়ে। আয়োজক কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

