ছবি: সংগৃহীত
বাংলাদেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের চারটি অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। এতে নদীপথে চলাচলকারী যানবাহন ও সাধারণ মানুষের জন্য সতর্কতা জারি করা হয়েছে। উল্লেখিত অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার (১৩ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য একটি বিশেষ পূর্বাভাস জারি করেছে। এতে জানানো হয়, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ ধরনের পরিস্থিতিতে ঝুঁকি এড়াতে নদীপথে চলাচলরত নৌযানকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। ছোট নৌযান ও ট্রলারগুলোকে নদীতে না নামতে বলা হয়েছে। তীব্র বাতাস ও বজ্রবৃষ্টির কারণে যাত্রী ও মালবাহী নৌযানে দুর্ঘটনার ঝুঁকি থাকায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে আবহাওয়া বিভাগ।
আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপ এবং মৌসুমী বায়ুর প্রভাবে এই ঝড়ো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আগামী এক-দুই দিন এ ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে করে কৃষিকাজ, বিশেষ করে বোরো ধান কাটার মৌসুমে কিছুটা বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।
অধিদপ্তরের পক্ষ থেকে সকলকে আবহাওয়ার সর্বশেষ খবরের প্রতি নজর রাখতে এবং প্রয়োজনবোধে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

