ছবি: সংগৃহীত
সাম্প্রতিক ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার কারণে এক সপ্তাহের জন্য স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আবার শুরু হতে চলেছে। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) নিশ্চিত করেছে যে আগামী শনিবার, ১৭ মে থেকে পুনরায় মাঠে গড়াবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্স একে অপরের মুখোমুখি হবে।
বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, ভারত সরকার এবং নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে আলোচনার পর টুর্নামেন্ট ফের চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তা পরিস্থিতির উন্নতির পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
নতুন সময়সূচি অনুযায়ী, আইপিএল ২০২৫-এর বাকি ম্যাচগুলো ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে—বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লখনউ, আহমেদাবাদ এবং মুম্বাই। ফাইনাল ম্যাচটি শুরুতে ২৫ মে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, সাম্প্রতিক ঘটনাবলির কারণে তা পিছিয়ে ৩ জুন নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, ৮ মে পরিত্যক্ত হওয়া পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি আগামী ২৪ মে জয়পুরে পুনরায় অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে একটি সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। এই ঘটনার জেরে ভারত পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের অভ্যন্তরে বিমান হামলা চালায়। এতে দুই দেশের মধ্যে কয়েকদিন ধরে পাল্টাপাল্টি হামলা এবং সামরিক উত্তেজনা বিরাজ করে।
শেষপর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষিত হলে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়। এর পরই বিসিসিআই আইপিএল পুনরায় শুরুর ঘোষণা দেয়।
আইপিএল ভক্তদের জন্য এটি অবশ্যই স্বস্তির খবর, কারণ অনিশ্চয়তার মাঝে আবারও ফিরছে প্রতীক্ষিত ক্রিকেটের রোমাঞ্চ।

