ছবি: সংগৃহীত
আজাদ কাশ্মিরে হামলার একদিন পর আবারও পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালিয়েছে ভারত — এমনটাই দাবি করেছে পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম জিও নিউজ। তাদের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৪টা ৪৭ মিনিটে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালায় একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়।
প্রতিবেদনে বলা হয়, গুজরানওয়ালার গুজরাট জেলার ডিঙ্গা এলাকায় ভারতের পাঠানো একটি ড্রোন একটি মাঠে এসে পড়ে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও, এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, একটি রেঁস্তোরায় বসে থাকা অবস্থায় হঠাৎ করে তারা একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। পরে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ বাহিনী এবং ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন নিরাপত্তা কর্মকর্তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, গুজরানওয়ালার আকাশে একটি ড্রোন উড়ছে এবং এরপর পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা থেকে একটি মিসাইল ছোড়া হয়। মিসাইলটি সফলভাবে ড্রোনটিকে ভূপাতিত করে।
স্থানীয় সংবাদমাধ্যম মারখোর টাইমসও গুজরানওয়ালায় ড্রোন ভূপাতিত হওয়ার খবর নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ড্রোনটি ডিঙ্গার কাছে এসে মাটিতে আছড়ে পড়ে। তবে কী ধরনের ড্রোন এটি ছিল এবং এটি আদৌ ভারত থেকে এসেছে কি না, সে বিষয়ে কোনো সরকারি বিবৃতি এখনো প্রকাশিত হয়নি।
পাকিস্তান সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। জিও নিউজ ছাড়া পাকিস্তানের মূলধারার সংবাদমাধ্যমগুলোতেও এখন পর্যন্ত এ নিয়ে তেমন কোনো প্রতিবেদন দেখা যায়নি। তবে জিও নিউজ জানিয়েছে, অল্প সময়ের মধ্যেই সরকারিভাবে বিস্তারিত তথ্য জানানো হতে পারে।
এই ঘটনার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: জিও টিভি

