ছবি: সংগৃহীত
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) বার্ষিক সভায় বাংলাদেশ সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক সহযোগিতা, অবকাঠামো উন্নয়ন এবং ডিজিটাল অন্তর্ভুক্তিসহ চারটি খাতে সহায়তা জোরদারের আহ্বান জানিয়েছেন।
ইতালির মিলানে অনুষ্ঠিত এই সভায় অর্থ উপদেষ্টা বলেন, “বাংলাদেশ এখন স্বচ্ছতা, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের এক ঐতিহাসিক রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। এ সংকটপূর্ণ সময়ে শুধু অর্থায়ন নয়, কাঠামোগত সংস্কার ও দীর্ঘমেয়াদি সহনশীলতা গড়ে তুলতে এডিবির ভূমিকাও এখন আগের যেকোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ।”
মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় সালেহউদ্দিন আহমেদ ডিজিটাল অন্তর্ভুক্তি, অবকাঠামো, ই-গভর্ন্যান্স এবং ডিজিটাল শিক্ষা সম্প্রসারণে সহায়তা বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি জলবায়ু কার্যক্রম, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু-সহনশীল কৃষি এবং উপকূলীয় সুরক্ষার জন্য বেশি পরিমাণে ছাড়যুক্ত অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
আঞ্চলিক সংযোগ জোরদারে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে বাণিজ্য, শক্তি ও পরিষেবা খাতে আন্তঃসীমান্ত বিনিয়োগ গতিশীল করার প্রস্তাব দেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। পাশাপাশি, টেকসই অর্থায়ন নিশ্চিত করে ঋণের ভারসাম্য বজায় রেখে উন্নয়ন চাহিদা পূরণে ছাড়যুক্ত তহবিল ও উদ্ভাবনী অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ওপর তিনি জোর দেন।
এডিবির এই সভায় অর্থ উপদেষ্টার সঙ্গে সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকীসহ একটি প্রতিনিধি দল অংশ নেয়।
প্রতিনিধি দলটি যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের প্রতিনিধিদের সঙ্গেও একটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেয় বলে অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

