ছবি: সংগৃহীত
শনিবারই বুন্দেসলিগার শিরোপা নিশ্চিত করতে পারতো বায়ার্ন মিউনিখ। শিরোপা উৎসবের প্রস্তুতিও ছিল তুঙ্গে। তবে শেষ মুহূর্তের নাটকীয়তায় বাধা হয়ে দাঁড়ায় লাইপজিগ। ৩-২ গোলে এগিয়ে থাকা বায়ার্নকে ৯০ মিনিটে গোল হজম করে ৩-৩ ড্র করতে হয়। ফলে শিরোপা উৎসব পিছিয়ে যায় আরও একদিন।
অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটে রোববার। পয়েন্ট তালিকায় দুই নম্বরে থাকা বায়ার লেভারকুসেনকে ২-২ গোলে রুখে দেয় ফ্রেইবুর্গ। এতে বায়ার্ন মিউনিখ নিশ্চিত করে তাদের রেকর্ড ৩৩তম বুন্দেসলিগা শিরোপা।
এই শিরোপা ঘুচিয়েছে ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনের দীর্ঘদিনের শিরোপা খরা। ক্লাব ও দেশের হয়ে ৬৯৪ ম্যাচ পর প্রথমবারের মতো কোনো শিরোপার স্বাদ পেলেন তিনি। যদিও লাইপজিগের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে কার্ডজনিত নিষেধাজ্ঞায় মাঠে নামতে পারেননি কেইন। স্ট্যান্ডে বসে দলকে সমর্থন দিয়েছেন এবং শিরোপা জয়ের আনন্দ উপভোগ করেছেন।
রোববার বায়ার্নের শিরোপা নিশ্চিত হওয়ার পর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ট্রফির ইমোজি পোস্ট করে নিজের অনুভূতি প্রকাশ করেন কেইন।
বর্ণাঢ্য ক্যারিয়ারে বহুবার শিরোপার কাছাকাছি গিয়েও খালি হাতে ফিরতে হয়েছিল তাকে। টটেনহামের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ এবং দুটি লিগ কাপ ফাইনালে হারের তিক্ত স্বাদ পেয়েছেন। ইংল্যান্ড জাতীয় দলের হয়েও ইউরো ফাইনালে পরাজিত হয়েছেন। এমনকি গত মৌসুমে বায়ার্নে যোগ দেওয়ার পর জার্মান সুপার কাপের ফাইনালেও হার দেখতে হয়েছিল।
বর্তমানে বুন্দেসলিগার পয়েন্ট তালিকায় ৩২ ম্যাচে বায়ার্নের সংগ্রহ ৭৬ পয়েন্ট, যা সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা লেভারকুসেনের চেয়ে ৮ পয়েন্ট বেশি। বাকি রয়েছে আর মাত্র দুটি ম্যাচ।
এবারের শিরোপা শুধু বায়ার্নের আধিপত্যকেই নিশ্চিত করলো না, বরং হ্যারি কেইনের ক্যারিয়ারেও এনে দিল বহু প্রতীক্ষিত একটি ট্রফির স্বাদ।

