ছবি: সংগৃহীত
চলতি বছরের আগস্টে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৩ আগস্ট ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে দলটির, যেখানে ১৭ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার কথা। ম্যাচগুলো ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও হওয়ার কথা রয়েছে।
তবে সফরটি নিয়ে সম্প্রতি দেখা দিয়েছে অনিশ্চয়তা। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া তাদের এক প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে, “সিরিজটি ক্যালেন্ডারে থাকলেও এখনো কিছু চূড়ান্ত হয়নি। চলমান পরিস্থিতির কারণে ভারতের বাংলাদেশ সফর না হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে।”
তবে ভারতীয় দলের সফর বাতিল হওয়ার সম্ভাবনার খবরকে গুরুত্ব দিতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন, “সিরিজ স্থগিতের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে আমরা এখনো কিছু জানি না। নির্ধারিত সূচি অনুযায়ী খেলা হওয়ার কথা। আমরা আশা করছি, ঠিক সময়েই সিরিজটি হবে।”
ভারতীয় দল কেন এই সফর থেকে সরে আসতে পারে, সে বিষয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে কোনো বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।
এখন দেখার বিষয়, ভারতীয় বোর্ড আনুষ্ঠানিকভাবে কী সিদ্ধান্ত নেয় এবং দুই দেশের মধ্যকার এই গুরুত্বপূর্ণ সিরিজ শেষ পর্যন্ত মাঠে গড়ায় কি না।

